স্বাধীন কন্ঠ ডেস্ক
ভালো কাজের প্রলোভনে পড়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়ে আটক হওয়া ৩৩ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
রোববার (২২ মার্চ) বিকেল ৫টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) দিয়ে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ফেরত আসা ব্যক্তিদের মধ্যে পাবনা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, বাগেরহাট, কুমিল্লা ও বরিশালসহ বিভিন্ন জেলার নারী, পুরুষ ও শিশুরা রয়েছে। তারা ভারতের চেন্নাইয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে সেদেশের শেল্টার হোমে অবস্থান করছিলেন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ভারত সরকারের ব্যুরো অব ইমিগ্রেশন এবং চেন্নাইস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের বিশেষ উদ্যোগ ও আইনি প্রক্রিয়া শেষে তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। পরে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
বেসরকারি মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম জানান, দালাল ও অনলাইন প্রতারকদের খপ্পরে পড়ে এসব মানুষ বিভিন্ন সীমান্ত পথে ভারতে প্রবেশ করেছিলেন। চেন্নাই পুলিশ তাদের আটক করে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করে। এক থেকে চার বছর পর্যন্ত সাজাভোগ শেষে দুই দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে বিশেষ প্রক্রিয়ায় তাদের দেশে ফেরানো হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, বর্তমানে ফেরত আসা ব্যক্তিরা থানায় অবস্থান করছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর সহযোগিতায় তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
