স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর শহরে আবারও পুলিশের হাতে আটক হয়েছেন কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী তৃষা আক্তার প্রিয়া (প্রিয়া)। এ সময় তার সহযোগী রোকেয়া বেগমকেও আটক করা হয়। তাদের কাছ থেকে মোট ৬১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪২০ টাকা উদ্ধার করেছে পুলিশ।
আটক প্রিয়া শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার বাসিন্দা এবং তার সহযোগী রোকেয়া বেগম রেলস্টেশন পূর্বপাড়ার মৃত সুখচানের মেয়ে।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শুভ কুমার রায় জানান, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রেলবাজার এলাকার আনোয়ার এন্টারপ্রাইজ সংলগ্ন একটি গলিতে অভিযান চালানো হয়। এ সময় দুই নারীকে আটক করা হয়। পরে নারী পুলিশ সদস্যদের মাধ্যমে দেহ তল্লাশি করে প্রিয়ার কাছ থেকে ৫১ পিস এবং রোকেয়ার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া তাদের কাছ থেকে মাদক বিক্রির ৪২০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, তৃষা আক্তার প্রিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগে মাসখানেক আগে শহরের পুরাতন কসবা ফাঁড়ির পুলিশ রেলস্টেশন ষষ্ঠীতলা এলাকা থেকে মাদক ও প্রায় ৫০ হাজার টাকাসহ তাকে আটক করেছিল। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় ১৪টি মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, প্রিয়া শহরের আলোচিত সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজার স্ত্রী। পিচ্চি রাজার বিরুদ্ধেও হত্যা মামলাসহ প্রায় দুই ডজন মামলা রয়েছে।
এ ঘটনায় নতুন করে মামলা দায়েরের পর আটক দুইজনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, যশোরে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
