স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর শহরের এমকে রোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা খাবার বিক্রি এবং খাবারে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের দায়ে ‘নাজমা হোটেল’-কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা যায়, হোটেলটির রান্নাঘরে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া যায়। সেখানে আগের দিনের পচা ভাত টাটকা ভাতের সঙ্গে মিশিয়ে বিক্রি করা হচ্ছিল। এছাড়া রুটি ও পরোটার খামিতে অনুমোদনহীন ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কেমিক্যাল ব্যবহারের প্রমাণও পাওয়া গেছে।
অভিযানকালে হোটেলের ভেতরে আবর্জনার স্তূপ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণের দৃশ্যও ধরা পড়ে। যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি বলে উল্লেখ করেন সংশ্লিষ্টরা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামান জানান, ভোক্তা অধিকারবিরোধী এসব কর্মকাণ্ডের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
