নড়াইলে পৃথক অভিযানে ৭৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা আদায়
নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার বারইপাড়া ফেরিঘাট ও কলাবাড়িয়া এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোট ৭৪০০ লিটার ডিজেল জব্দের পাশাপাশি দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলামের নেতৃত্বে বারইপাড়া ফেরিঘাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মাউলী গ্রামের পিন্টু শেখ (৫৫)-এর কাছ থেকে ৯টি ব্যারেলে রাখা ১৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৩ ধারা লঙ্ঘনের দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, একই দিনে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস কলাবাড়িয়া এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে যোগানিয়া গ্রামের খায়রুল শেখ (৪৫)-এর কাছ থেকে ২৮টি ব্যারেলে থাকা ৫৬০০ লিটার ডিজেল জব্দ করেন। এ ঘটনায় তাকেও একই আইনের আওতায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, জব্দকৃত ডিজেল সরকারি নির্ধারিত মূল্যে মেসার্স কালিয়া ফিলিং স্টেশনে বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।























