যশোরে মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু
স্বাধীন কন্ঠ ডেস্ক
সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে যশোরে মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) মনিহার-মুড়লী (এন-৭০৭) জাতীয় মহাসড়ক এলাকায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি সাবিরুল হক সাবু এবং জেলা পুলিশ সুপার রফিকুল ইসলাম। এছাড়া যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিকল্পিতভাবে মহাসড়কের পাশে বনায়ন একদিকে যেমন পরিবেশ রক্ষা করবে, অন্যদিকে সড়কের সৌন্দর্যও বৃদ্ধি করবে।
যশোর সড়ক বিভাগ ও সড়ক ও জনপথ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পর্যায়ক্রমে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা রোপণকৃত চারাগাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন।























