যশোর কোতোয়ালি থানা ভবন ভেঙে আধুনিক চারতলা ভবন নির্মাণ উদ্যোগ
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর শহরের জরাজীর্ণ কোতোয়ালি মডেল থানা ভবন ভেঙে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক চারতলা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
ষাটের দশকে নির্মিত পুরাতন এই ভবনটি দীর্ঘদিন ব্যবহারের ফলে বর্তমানে ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ হয়ে পড়েছে। সরকারের দেশব্যাপী ১০৭টি থানা আধুনিকায়ন প্রকল্পের আওতায় এই উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
গণপূর্ত অধিদপ্তর এর তত্ত্বাবধানে ১১ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে প্রায় ২৬ হাজার বর্গফুট আয়তনের ভবনটি নির্মাণ করা হবে। ভবনের ভিত্তি ছয়তলা পর্যন্ত উপযোগী করে তৈরি করা হলেও প্রাথমিকভাবে চারতলা ভবন নির্মাণ করা হবে।
প্রকল্পের নকশা অনুযায়ী, ভবনের প্রথম তলায় থাকবে অভ্যর্থনা কক্ষ ও অফিস, দ্বিতীয় তলায় হাজতখানা ও প্রশাসনিক শাখা, তৃতীয় তলায় অফিস ও মহিলা ব্যারাক এবং চতুর্থ তলায় পুরুষ ব্যারাক স্থাপন করা হবে।
ঝিনাইদহের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্রের মাধ্যমে কাজটি পেয়েছে এবং দেড় থেকে দুই বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নির্মাণ কাজ চলাকালীন থানার কার্যক্রম সাময়িকভাবে চাঁচড়া পুলিশ ফাঁড়ি থেকে পরিচালিত হবে। আগামী ৫ এপ্রিলের মধ্যে বর্তমান ভবন খালি করার পরিকল্পনা রয়েছে।
তবে, জনবল অনুযায়ী চাঁচড়া ফাঁড়িতে পর্যাপ্ত আবাসন ব্যবস্থা না থাকায় পুলিশ সদস্যদের সাময়িকভাবে আবাসন সংকটে পড়ার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, উন্নত সেবার স্বার্থে এই সাময়িক কষ্ট মেনে নিতে হবে। নতুন ভবন নির্মাণ সম্পন্ন হলে যশোরবাসীর পুলিশি সেবার মান ও সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।























