শোক ও শ্রদ্ধায় পালিত যশোর গণহত্যা দিবস
স্বাধীন কন্ঠ ডেস্ক
যথাযোগ্য মর্যাদা, গভীর শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে যশোরে ১৯৭১ সালের ৪ঠা এপ্রিলের ভয়াবহ গণহত্যা দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে শনিবার শহরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকালে শংকরপুর বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ এবং বিকেলে টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে স্মরণসভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
এর আগে,সকালে শংকরপুর বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে এক মিনিট নীরবতা পালন করা হয়।
গণহত্যা দিবস পালন কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম, আফজাল হোসেন দোদুল, কমিটির আহ্বায়ক হারুন অর রশিদ, সদস্য সচিব রিয়াদুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্মরণসভায় বক্তারা বলেন, ইতিহাসের নির্মম সাক্ষ্য বহনকারী ১৯৭১ সালের এই দিনটি যশোরবাসীর কাছে এক গভীর বেদনার স্মারক। ২৫শে মার্চের কালরাত্রির পর থেকে ৩রা এপ্রিল পর্যন্ত যশোরে স্থানীয় ইপিআর, পুলিশ ও মুক্তিকামী ছাত্র-জনতা সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। কিন্তু ৪ঠা এপ্রিল সকালে যশোর সেনানিবাস থেকে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত পাকবাহিনী শহরে প্রবেশ করে এবং শুরু করে নির্বিচার গণহত্যা।
সেদিন যশোর রেলস্টেশন সংলগ্ন মাদ্রাসায় পবিত্র কোরআন অধ্যয়নরত নিরীহ মুসল্লিদের ওপর গুলি চালিয়ে ২৩ জনকে হত্যা করা হয়। নিহতদের মধ্যে একই পরিবারের তিন প্রজন্মের আটজন সদস্য থাকার মর্মান্তিক ঘটনা আজও মানুষকে নাড়া দেয়। একই দিনে শহরের ক্যাথলিক গির্জায় ইতালীয় ফাদার মারিও ভেরনেসিসহ ৮ জনকে হত্যা করা হয়। এছাড়া যশোর কোতোয়ালি থানায় দায়িত্বরত ৫ জন পুলিশ সদস্য এবং যশোর জেনারেল হাসপাতালে ১১ জন কর্মচারীকে নির্মমভাবে হত্যা করে হানাদার বাহিনী।
এদিন শহরের বেজপাড়া, ষষ্ঠীতলা, শংকরপুর ও বারান্দীপাড়াসহ বিভিন্ন এলাকায় চালানো হয় হত্যাযজ্ঞ। ইতিহাসবিদদের মতে, এদিন কয়েকশ’ নিরীহ মানুষ প্রাণ হারান, যা যশোরের মুক্তিযুদ্ধের ইতিহাসে অন্যতম নৃশংস অধ্যায় হিসেবে চিহ্নিত।
বিকেলে টাউন হল মাঠে আয়োজিত স্মরণসভায় বক্তারা বলেন, ৪ঠা এপ্রিলের গণহত্যা শুধু যশোর নয়, সমগ্র বাঙালি জাতির ইতিহাসে এক কলঙ্কজনক ও হৃদয়বিদারক অধ্যায়। তারা বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি, যাতে তারা দেশপ্রেম ও স্বাধীনতার মূল্যবোধে উদ্বুদ্ধ হতে পারে।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন পেরিয়ে গেলেও এই গণহত্যা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়নি, যা অত্যন্ত দুঃখজনক। তারা সরকারের প্রতি এ গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের উদ্যোগ জোরদার করার আহ্বান জানান।
স্মরণসভায় শহীদ পরিবারের সদস্যরা আবেগঘন কণ্ঠে তাদের প্রিয়জনদের স্মৃতিচারণ করেন। তারা অভিযোগ করেন, স্বাধীনতার এত বছর পরও অনেক শহীদের নাম সরকারি তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। দ্রুত একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন ও সকল শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার দাবি জানান তারা।
দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে যশোরবাসী গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন ১৯৭১ সালের ৪ঠা এপ্রিলের সেই কালো দিনকে। একই সঙ্গে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।























