বুধবার, এপ্রিল ৮, ২০২৬
Homeঅপরাধঅনিয়মবসুন্দিয়ায় বিএনপি নেতার পদ স্থগিত, অনৈতিকতার অভিযোগ

বসুন্দিয়ায় বিএনপি নেতার পদ স্থগিত, অনৈতিকতার অভিযোগ

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন-অর-রশীদের দলীয় পদ স্থগিত করেছে সদর উপজেলা বিএনপি। দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে সম্পৃক্ত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, হারুন-অর-রশীদের বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয় উপজেলা বিএনপি। অভিযোগের প্রেক্ষিতে দলীয়ভাবে তদন্তও শুরু হয়েছে।

স্থানীয় একটি সূত্র দাবি করেছে, ওই বিএনপি নেতা তার প্রবাসী ভাইয়ের ছেলের স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি নিয়ে তার স্ত্রী এলাকাবাসীর কাছে অভিযোগ করেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে মানববন্ধনের ডাক দেওয়া হয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন হারুন-অর-রশীদ। তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। তার ভাষ্য মতে, স্থানীয় একটি চক্র তার পরিবারের এক সদস্যকে কটূক্তি করায় তিনি প্রতিবাদ করেন। এর জের ধরেই তাকে সামাজিকভাবে হেয় করতে এ ধরনের অভিযোগ তোলা হয়েছে।

উপজেলা বিএনপি জানিয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়