স্বাধীন কন্ঠ ডেস্ক
পুরনো বছর ১৪৩২ বঙ্গাব্দকে বিদায় এবং নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দকে স্বাগত জানিয়ে যশোরে বর্ণাঢ্য আয়োজন করেছে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি)। এ উপলক্ষে সোমবার বিকেলে একটি আনন্দমুখর শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি যশোর প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস পাড়ায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রঙিন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রায় অংশ নেন, যা শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে যশোর প্রেসক্লাব-এর দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয় কবিতাপাঠ, আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও ‘পূর্বরাগ’ শীর্ষক ভাঁজপত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আবুল কালাম আজাদ লিটু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান, যশোর ইনস্টিটিউটের সাবেক সহ-সভাপতি কবি কাসেদুজ্জামান সেলিম, রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক শহিদুল ইসলাম, অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন এবং চিত্রশিল্পী কৃষি গৌতম।
বর্ষবরণ উদযাপন পরিষদের আহ্বায়ক কবি মঞ্জুয়ারা সোনালীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি কবি আহমদ রাজু এবং উদযাপন পরিষদের সদস্য সচিব অরুণ বর্মন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএসপির সাধারণ সম্পাদক কবি গোলাম মোস্তফা মুন্না।
অনুষ্ঠানে নববর্ষকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ডা. আহাদ আলী, এডিএম রতন, অধ্যক্ষ হাফিজুর রহমান, অধ্যাপক সুরাইয়া শরীফ, অধ্যাপক ভদ্রাবতী বিশ্বাস, বকুল হক, অ্যাডভোকেট রাশিদা আখতার লিলি ও রেবেকা টপি।
এছাড়া বর্ষবরণ উদযাপন উপলক্ষে গত ১০ এপ্রিল অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি এ উপলক্ষে প্রকাশিত ‘পূর্বরাগ’ ভাঁজপত্রের মোড়ক উন্মোচন করেন।
আয়োজকরা জানান, এমন সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই তাদের মূল লক্ষ্য।
