বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Homeঅপরাধঅনিয়মযশোরে ফুল ব্যবসায়ী নেতার ওপর সন্ত্রাসী হামলার বিক্ষোভ সমাবেশে ফের হামলা

যশোরে ফুল ব্যবসায়ী নেতার ওপর সন্ত্রাসী হামলার বিক্ষোভ সমাবেশে ফের হামলা

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোরের ঝিকরগাছা উপজেলায় ফুল ব্যবসায়ী নেতা ও যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম-এর ওপর সন্ত্রাসী হামলার জেরে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।

ঘটনাসূত্রে জানা যায়, গত সোমবার (১৩ এপ্রিল) নিজ ফুল ক্ষেতে কাজ করার সময় সন্ত্রাসী হামলার শিকার হন আব্দুর রহিম। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনার প্রতিবাদে পরদিন মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে পানিসারা ফুল মোড় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আব্দুর রহিমের গ্রামবাসী অভিযুক্তদের সঙ্গে কথা বলতে গেলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পানিসারা গ্রামের মৃত মোজাম্মেল ঢালীর পুত্র সাজু ঢালী (৫৫), মৃত ওয়াম্মদের পুত্র আসাদুল ইসলাম (৪২) এবং তার পুত্র রিদয় (২৫) গুরুতর আহত হন।

অন্যদিকে, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী সংঘর্ষে পটুয়াপাড়া গ্রামের রবির পুত্র সাব্বির, জামালউদ্দিনের পুত্র নাজমুল এবং গদখালি গ্রামের আবুল হোসেনের পুত্র লিটনও আহত হয়েছেন। আহতদের প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানান, সভাপতি আব্দুর রহিমের ওপর হামলার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল, যার জেরে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহ জালাল আলম জানান, সর্বশেষ সংঘর্ষের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে পূর্বের হামলার ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী একটি অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়