যশোরে জামায়াতে ইসলামির অগ্রসর কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর জেলা জামায়াতে ইসলামির উদ্যোগে “অগ্রসর কর্মী শিক্ষাশিবির-২৬” অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জেলা কার্যালয় মিলনায়তনে দিনব্যাপী এ কর্মসূচি শুরু হয়, যা বিকাল ৫টা পর্যন্ত চলবে।
অনুষ্ঠানে জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান সভাপতিত্ব করছেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখছেন জেলা সহকারী সেক্রেটারি মো. গোলাম কুদ্দুস। স্বাগত বক্তব্য দেন জেলা সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন ও মুহাম্মাদ শামসুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম, শহর সহকারী সেক্রেটারি কে এম আশরাফ এবং অ্যাডভোকেট আব্দুল আল মামুনসহ জেলা ও শহর শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
স্বাগত বক্তব্যে বক্তারা সংগঠনের আদর্শিক ভিত্তি সুদৃঢ় করার পাশাপাশি দক্ষ, সৎ ও দায়িত্বশীল কর্মী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠনের প্রতিটি কর্মীকে নৈতিকতা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি সংগঠনের কর্মপদ্ধতি, দাওয়াতি কার্যক্রম এবং সাংগঠনিক শৃঙ্খলা বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
শিক্ষাশিবিরে প্রায় ১৫০ জন অগ্রসর কর্মী অংশগ্রহণ করেছেন। দিনব্যাপী বিভিন্ন সেশন ও কর্মসূচির মধ্য দিয়ে বিকাল ৫টা পর্যন্ত এ শিক্ষাশিবির চলবে।#























