স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের চৌগাছা উপজেলায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। শনিবার দুপুর ১২টায় পুড়াহুদা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব টিউবওয়েল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ। তিনি বলেন, নিরাপদ পানি মানুষের মৌলিক অধিকার। জনস্বাস্থ্য সুরক্ষা ও মানুষের জীবনমান উন্নয়নে বিশুদ্ধ পানির কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, দোস্ত এইডের এ উদ্যোগ চৌগাছার সাধারণ মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌগাছা কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা গোলাম মোর্শেদ, আরাজিসুলতানপুর বকশিপুর চাকলা দেবীপুর (এবিসিডি) কলেজের অধ্যক্ষ মো. রেজাউল ইসলাম, সিংহঝুলি আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা নুরুজ্জামান আল মামুন এবং জীবননগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ খায়রুল বাশারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পুড়াহুদা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা নুরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চুয়াডাঙ্গা অফিসের এক্সিকিউটিভ মো. রমজান আলী।
অনুষ্ঠান শেষে উপকারভোগীরা টিউবওয়েল বিতরণ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
