যশোরে তীব্র গরমে পথচারীদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে তীব্র দাবদাহে জনজীবন যখন অতিষ্ঠ, ঠিক তখনই সাধারণ পথচারী ও শ্রমজীবী মানুষের তৃষ্ণা মেটাতে মানবিক উদ্যোগ নিয়েছে ‘ছিন্নমূল সমাজ কল্যাণ সংস্থা’। কাঠফাটা রোদে কিছুটা স্বস্তি দিতে শহরের বিভিন্ন স্থানে ঠান্ডা পানি ও লেবুর শরবত বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের গুরুত্বপূর্ণ জর্জকোর্ট মোড় এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রেসক্লাব যশোরের সভাপতি এবং দৈনিক যশোর পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাহিদ হাসান টুকুন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “তীব্র তাপদাহে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। এমন পরিস্থিতিতে ছিন্নমূল সমাজ কল্যাণ সংস্থার এ ধরনের মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও যশোর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মনিরুজ্জামান মুনির। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও ফটো সাংবাদিকরা কর্মসূচির সূচনালগ্নে উপস্থিত ছিলেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ফরহাদ শেখ-এর পরিচালনায় এ কর্মসূচিতে পথচারী, রিকশাচালক, ভ্যানচালক ও বিভিন্ন যানবাহনের শ্রমিকদের মাঝে ঠান্ডা লেবুর শরবত ও পানি বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সদস্য আনোয়ার হোসেন মধু ও কামরুল হাসান রিপন।
তীব্র রোদ উপেক্ষা করে শরবত বিতরণে অংশ নেন একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক। তারা হলেন— রিফাজুল ইসলাম, সাজু আহম্মেদ, আরিফুল ইসলাম টিটো, মোঃ সজিব, মোঃ চয়ন, আফিয়া জাহিন, মোঃ সাকিব, দোলা রহমান, মোঃ বাঁধন, মোঃ নয়ন শেখ, কালাচান, মোঃ হাফিজ, মোঃ রাকিব, জনি, নয়ন ও হৃদয়।
তৃষ্ণার্ত পথচারীরা জানান, এই প্রচণ্ড গরমে রাস্তার মোড়ে এক গ্লাস ঠান্ডা শরবত পেয়ে তারা অনেকটা স্বস্তি অনুভব করছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।























