যশোরে সদর হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ ও ডায়ালাইসিস কেন্দ্র চালুর দাবিতে স্মারকলিপি
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ সুবিধা ও কিডনি ডায়ালাইসিস কেন্দ্র চালুর দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটি।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের যশোর জেলা সম্পাদক ও কেন্দ্রীয় নেতা তসলিম উর রহমান-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার-এর কাছে এই স্মারকলিপি হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জিল্লুর রহমান ভিটু, মিজানুর রহমান, পলাশ বিশ্বাস, শহর নেতা আহাদ আলি মুন্না, হাবিবুর রহমান মোহন, সদর উপজেলার নেতা সাহবুদ্দিন বাটুল, আসাদুজ্জামান পিল্টু ও হুমায়ুন কবির সেতু প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালটি জেলার প্রধান চিকিৎসা কেন্দ্র হলেও আধুনিক চিকিৎসা সেবার ক্ষেত্রে এটি পিছিয়ে রয়েছে। যশোর ছাড়াও ঝিনাইদহ, নড়াইল ও মাগুরাসহ আশপাশের জেলার মানুষ এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।
এতে বলা হয়, করোনাকালে হাসপাতালটিতে স্থানীয়ভাবে ১০ শয্যার একটি অপূর্ণাঙ্গ আইসিইউ চালু করা হলেও পূর্ণাঙ্গ আইসিইউর প্রয়োজনীয় যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। জনবল সংকটের কারণে এসব সুবিধা চালু করা সম্ভব হচ্ছে না, ফলে রোগীরা উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন এবং মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে।
এছাড়া হাসপাতালটিতে কিডনি ডায়ালাইসিস কেন্দ্র অনুমোদন থাকলেও তা এখনো চালু করা হয়নি। ফলে যশোরসহ পার্শ্ববর্তী জেলার বিপুলসংখ্যক রোগী প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
স্মারকলিপিতে দ্রুত যশোর সদর হাসপাতালে একটি পূর্ণাঙ্গ আইসিইউ ইউনিট এবং কিডনি ডায়ালাইসিস কেন্দ্র চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান ও বাস্তবায়নের দাবি জানানো হয়।























