ক্যাম্পাসে অস্থিরতার জন্য বিএনপি-ছাত্রদলকে দায়ী করলেন শিবির সভাপতি
স্বাধীন কন্ঠ ডেস্ক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা, জ্বালানি সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধির দায় এড়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিকল্পিতভাবে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
শুক্রবার বিকেলে যশোরের বিডি হলে ছাত্রশিবিরের ‘বাছাইকৃত কর্মী সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, ক্ষমতা দখলের মানসিকতা থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
ক্যাম্পাসে গ্রাফিতি অবমাননা ও হামলার অভিযোগ তুলে সাদ্দাম বলেন, “গত কয়েকদিন ধরে শিবিরের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। এমনকি জুলাই বিপ্লবের শহীদ ওসমান হাদিকে নিয়ে আঁকা গ্রাফিতি মুছে দিয়ে সেখানে আপত্তিকর শব্দ লেখা হয়েছে।”
তিনি আরও দাবি করেন, পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়ে ফেরার পথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) নেতাকর্মীরা শিবিরের ওপর হামলা চালায়। এ সময় বাধা দিতে গেলে কয়েকজন শিক্ষকও আহত হন। এছাড়া বিকেলে প্রতিবাদ মিছিলে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে পুনরায় হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সমাবেশে ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টি ও সাধারণ নেতাকর্মীদের ওপর হামলার জন্য ছাত্রদল ও বিএনপিকে দায়ী করেন শিবির সভাপতি।
তিনি বলেন, বর্তমান সমাজের বিশৃঙ্খলা ও অন্যায় দূর করার একমাত্র পথ হলো ইসলামী আদর্শ অনুসরণ করা। “ক্ষমতার লিপ্সা নয়, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে একটি শোষণমুক্ত সমাজ গড়তে ছাত্রশিবির ও ইসলামী আন্দোলন কাজ করে যাচ্ছে,”—যোগ করেন তিনি। এ সময় তিনি সাধারণ মানুষকে সত্য ও ন্যায়ের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
যশোর জেলা পূর্ব শাখার সভাপতি এম মিনারুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু জাফরের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মাদরাসা সম্পাদক হাফেজ ইসমাইল হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, যশোর জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর, সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি গাজী মুকিত এবং শিবিরের সাবেক শহর সভাপতি এইচ এম শামীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।























