কালিয়ায় নকল শিশু খাদ্য কারখানার মালিকের জেল-জরিমানা, উপকরণ ধ্বংস
নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া পৌর এলাকার কুলশুর গ্রামে অনুমোদনহীনভাবে নকল শিশু খাদ্য, জুস ও কোমল পানীয় উৎপাদনকারী একটি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে মালিককে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর এবং পুলিশের সমন্বয়ে গঠিত একটি টিম অংশ নেয়। এ সময় কারখানায় কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য উৎপাদন ও বাজারজাতের প্রস্তুতির প্রমাণ পাওয়া যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব খাদ্যপণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৪১ ধারায় কুলশুর গ্রামের মানিক মোল্লার ছেলে মো. শামীম মোল্লাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ নকল শিশু খাদ্য ও উৎপাদনের কাঁচামাল জব্দ করে ধ্বংস করা হয়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস জানান, শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ ও ভেজাল খাদ্য উৎপাদনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।























