যশোর সদরের এনায়েতপুরে ‘নওয়াব আলী ফুটবল একাডেমি’র যাত্রা শুরু
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের কিসমত এনায়েতপুর গ্রামে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো ‘নওয়াব আলী ফুটবল একাডেমি’। তৃণমূল পর্যায় থেকে নতুন ও মেধাবী খেলোয়াড় তৈরির প্রত্যয় নিয়ে শুক্রবার বিকেলে একাডেমিটির আনুষ্ঠানিক উদ্বোধন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
কিসমত এনায়েতপুর গ্রামে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন। একাডেমির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বক্তারা বলেন, সঠিক গাইডলাইন ও নিয়মিত অনুশীলনের সুযোগ পেলে এই অজপাড়াগাঁ থেকেই আগামীর জাতীয় ফুটবল তারকারা উঠে আসবে। গ্রামীণ জনপদে ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কাশিমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ফুটবলার সাব্বির আহমেদ পলাশ, যশোর জেলা টেবিল টেনিস সমিতির সাধারণ সম্পাদক ইমামুল ইসলাম বাদশা।
নওয়াব আলী ফুটবল একাডেমির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন ‘ইচ্ছা পূরণ’ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও একাডেমির পরিচালক সাদ ইমাম। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ‘ইচ্ছা পূরণ’ সংগঠনের পক্ষ থেকে একাডেমির প্রতিটি খেলোয়াড়ের হাতে জার্সি ও ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। এই নতুন জার্সি ও সরঞ্জাম পেয়ে স্থানীয় তরুণ ফুটবলারদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
একাডেমি সংশ্লিষ্টরা জানান, স্থানীয় তরুণদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলে জাতীয় পর্যায়ে সুযোগ করে দেওয়াই এই একাডেমির মূল লক্ষ্য।























