আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজে নবীন ছাত্রীদের ওরিয়েন্টেশন সম্পন্ন
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের পুলেরহাটে অবস্থিত আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ১৫তম ব্যাচের ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দেশি ও বিদেশি শিক্ষার্থীদের এই বরণ করে নেওয়া হয়।
সকাল সাড়ে ৯টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে অনলাইন প্ল্যাটফর্মে দেশের সরকারি-বেসরকারি ১১২টি মেডিকেল কলেজের সাথে একযোগে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে দেশব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত।
মন্ত্রণালয়ের উদ্বোধনী অনুষ্ঠান শেষে আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ অডিটোরিয়ামে কলেজের নিজস্ব ব্যবস্থাপনায় বরণ অনুষ্ঠান শুরু হয়। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান অধ্যক্ষ অধ্যাপক ডা. সঞ্জয় সাহাসহ কলেজের সিনিয়র শিক্ষকবৃন্দ।
নবীন শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে অধ্যক্ষ অধ্যাপক ডা. সঞ্জয় সাহা বলেন, অনেক প্রতিযোগিতার মধ্য দিয়ে তোমরা মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছ। এখান থেকে তোমাদের শুধু ভালো চিকিৎসক নয়, বরং ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। অধ্যক্ষ এ সময় একাডেমিক ও আবাসিক শৃঙ্খলা নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সুষ্মিতা নার্গিস, অধ্যাপক ডা. মারুফা আখতার, অধ্যাপক ডা. মাহমুদা সুলতানা সুমী ও সহযোগী অধ্যাপক ডা. ইমু ঘোষ।
বক্তব্যকালে অভিভাবকরা কলেজের নিরাপত্তা ব্যবস্থা এবং শিক্ষার উন্নত পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে, নবীন শিক্ষার্থীরা আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত করে মানবিক চিকিৎসক হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে এ বছর ৭৫ জন ছাত্রী ভর্তির সুযোগ পেয়েছেন, যার মধ্যে ৫৪ জন বাংলাদেশি এবং ২১ জন ভারতীয় শিক্ষার্থী রয়েছেন। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে কলেজের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থী ও অভিভাবকরা এক আনন্দঘন ফটো সেশনে অংশ নেন।























