যশোরে এতিম শিশুর মাঝে খাদ্য ও শিক্ষা সহায়তা বিতরণ
স্বাধীন কন্ঠ ডেস্ক
জাতীয় মানবিক সহায়তা ও উন্নয়ন সংস্থা ‘ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ’-এর অরফ্যান কেয়ার প্রোগ্রামের আওতায় যশোরে ৭৮ জন এতিম শিশুর মাঝে তিন মাসের খাদ্য সামগ্রী, শিক্ষা উপকরণ, স্কুল ফিস ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কাজিপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপহার সামগ্রী শিশুদের হাতে তুলে দেওয়া হয়। উপহার পেয়ে শিশুদের চোখে-মুখে আনন্দের ঝলক দেখা যায়।
ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ-এর যশোর জেলা প্রতিনিধি মুন্সি নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার অরফ্যান কেয়ার প্রোগ্রামের অফিসার সাজিদ আল আহাদ।
অনুষ্ঠানে প্রতিটি এতিম শিশুকে তিন মাসের খাদ্য সহায়তা হিসেবে ৩০ কেজি চাল, ৬ কেজি সয়াবিন তেল, ৩ কেজি মসুর ডাল, ৩ কেজি চিনি, ১.৫ কেজি মিল্ক পাউডার, ৩টি জার হরলিক্স, ৩ প্যাকেট নুডুলস, ১.৫ কেজি বাদাম, ৩টি জার বিস্কুট, ৩ বক্স চকলেট এবং ৬ কেজি মৌসুমি ফল প্রদান করা হয়।
শিক্ষার প্রসারে শিশুদের জন্য দেওয়া হয় বিভিন্ন শিক্ষা উপকরণ। এর মধ্যে রয়েছে ছোটদের নবী-রাসুল সিরিজের বই, আর্ট বই, পেন্সিল, কলম, ইরেজার, শার্পনার, স্কেল, পেন্সিল বক্স, খাতা, রং পেন্সিল, স্কুল ব্যাগ, আর্ট ফ্রেম ও ছাতা। এছাড়া প্রতিটি শিশুকে ৩ হাজার ৫০০ টাকা করে স্কুল ফি প্রদান করা হয়।
শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার সামগ্রীও বিতরণ করা হয়। ৪০ জন ছেলেকে ক্রিকেট ব্যাট, স্ট্যাম্প সেট ও বল এবং ৩৮ জন মেয়েকে ব্যাডমিন্টন র্যাকেট ও কর্ক দেওয়া হয়।
এ সময় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ-এর ঢাকা অফিসের কর্মকর্তা শিবলীসহ স্বেচ্ছাসেবক তায়জেল, শাফিন, মনির, মুজাহিদ, আবু হাসান, সাহাজুর, ফারুক, মামুন, আমির হামজা ও কালাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এতিম শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে এবং তাদের স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ সৃষ্টি করতে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ-এর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানে উপহার সামগ্রী পেয়ে শিশুদের মাঝে আনন্দের জোয়ার লক্ষ্য করা যায়।























