যশোরে বেকারি মালিকদের নিরাপদ খাদ্য উৎপাদন প্রশিক্ষণ শুরু
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে ‘উত্তম উৎপাদন অনুশীলন’ বাস্তবায়নের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সোমবার সকালে যশোর ক্লাব মিলনায়তনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ‘পরিদর্শন, নিয়ন্ত্রণ ও সমন্বয়মূলক কার্যক্রম শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ব্যবসায়ীদের নৈতিকতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আমরা ব্যক্তিগতভাবে আমাদের বাসার রান্নাঘর পরিষ্কার রাখি এবং খাবার ঢেকে রাখি। কিন্তু হোটেল বা বেকারিতে কেন খাবার উন্মুক্ত রাখা হয়? এটি আমাদের দায়িত্বের অবহেলা। নিজের সন্তান বা পরিবার যে খাবার খেতে পারবে না, তা অন্যকে খাওয়ানো উচিত নয়।”
সাম্প্রতিক বিভিন্ন অভিযানের তথ্য তুলে ধরে তিনি আরও বলেন, “যশোরে ভেজাল মধু এবং কেশবপুরে কৃত্রিম উপায়ে তৈরি ‘ভেজাল দুধ’ পাওয়ার প্রমাণ মিলেছে। খাবারে টেক্সটাইল কালার ব্যবহারের ফলে ঘরে ঘরে ক্যান্সার ছড়িয়ে পড়ছে। গুটিকয়েক মানুষের অনিয়মের জন্য যেন পুরো ব্যবসায়ী সমাজের বদনাম না হয়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।”
যশোর জেলা নিরাপদ খাদ্য অফিসার আদ্দা আন সিনা জানান, যশোরের বেকারি সেক্টর অত্যন্ত সমৃদ্ধ এবং এখানকার পণ্য পার্শ্ববর্তী জেলাগুলোতেও সরবরাহ করা হয়। তাই এই খাতের উৎপাদকদের সচেতন করতে পারলে নিরাপদ খাদ্যের একটি বড় অংশ নিশ্চিত করা সম্ভব হবে। তিনি উল্লেখ করেন, ৩০ জনের লক্ষ্যমাত্রা থাকলেও বেকারি মালিকদের ব্যাপক আগ্রহের কারণে ৪০ জন এতে অংশ নিচ্ছেন। কর্মশালায় তাত্ত্বিক আলোচনার পাশাপাশি হাতে-কলমে শেখানোর জন্য অংশগ্রহণকারীদের একটি বেকারিতে নিয়ে যাওয়া হবে।
জাইকা-এসটিআইআরসি প্রকল্পের ন্যাশনাল প্রোগ্রামার মোহাম্মদ মাসুদ আলম বলেন, খাবার কেবল মুখরোচক হলেই হবে না, তা যেন স্বাস্থ্যসম্মত হয় সেটি নিশ্চিত করাই আমাদের প্রকল্পের মূল উদ্দেশ্য। মাঠ থেকে ভোক্তার টেবিল পর্যন্ত পুরো শৃঙ্খলে ফুড প্রসেসিং শিল্পকে নিরাপদ করতে জাইকা ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করছে।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন প্রকল্পের ডেপুটি টিম লিডার মিস মানা ইশিকাওয়া, খাদ্য নিরাপত্তা পরামর্শদাতা শাহ আরাফাত রহমান এবং সহযোগী পরামর্শদাতা ইউনুস আলী।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি আগামীকাল ৫ মে সমাপ্ত হবে। অংশগ্রহণকারী বেকারি মালিকরা প্রশিক্ষণ শেষে তাদের প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাদ্য পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।























