অপহরণের ২৬ দিন পরও উদ্ধার হয়নি যশোরের বৈশাখী
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের দাসপাড়ার নবম শ্রেণির ছাত্রী বৈশাখী রানী অপহরণের ২৬ দিন পার হলেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। অপহৃত কিশোরীকে দ্রুত উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের দাবিতে সোমবার বিকেলে যশোর-নড়াইল সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
যশোর জেলা বিডিইআরএম-এর সভাপতি সূর্য বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, যশোর জেলা নাগরিক উদ্যোগের অ্যাসিস্ট্যান্ট ফিল্ড কো-অর্ডিনেটর নাসির উদ্দিন, অপহৃতার স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় বৈশাখী রানী। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ১১ এপ্রিল যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৯০৮) করেন তার বাবা দেবদাস বিশ্বাস।
জিডিতে কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের কনক কুমার দাসকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়। অভিযোগ রয়েছে, কনক কুমার বিভিন্ন সময় বৈশাখীকে বিয়ের প্রলোভন দেখিয়ে উত্ত্যক্ত করে আসছিল। পুলিশ কনককে আটক করে জিজ্ঞাসাবাদ করলেও এখন পর্যন্ত বৈশাখীর কোনো হদিস মেলেনি।
ঘটনার ৭ থেকে ৮ দিন পর বৈশাখী স্থানীয় আশীষ নামে এক যুবককে ফোন করে জানায় যে সে ভালো নেই এবং তাকে যেন দ্রুত উদ্ধার করা হয়। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। কিশোরী মেয়েকে হারিয়ে তার বাবা-মা এখন পাগলপ্রায়। কান্নায় ভেঙে পড়ে তারা বলেন, আমার মেয়ে কোথায় আছে, কেমন আছে জানি না। প্রশাসনের কাছে আমাদের একটাই আকুতি, আমাদের মেয়েকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিন।
পুলিশি তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় ভুক্তভোগী পরিবার যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা (মামলা নং ৭৮) দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে নির্দেশ দেন। গত ৩০ এপ্রিল থেকে পিবিআই তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত অপহৃত কিশোরীর অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।
সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতিদ্রুত বৈশাখী রানীকে উদ্ধার করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।























