যশোর বিসিককে কেন্দ্র করে নতুন চাঁদাবাজ চক্রের অভিযোগ, আতঙ্কে ব্যবসায়ী ও স্থানীয়রা
মিলন হোসেন,যশোর
যশোরের ঝুমঝুমপুর বিসিক শিল্পনগরী ও আশপাশের এলাকায় নতুন একটি চাঁদাবাজ চক্র সক্রিয় হয়ে উঠেছে এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে। অভিযোগ রয়েছে, চক্রটি নিয়মিত চাঁদা আদায়ের পাশাপাশি মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে ভয়ভীতি দেখানো ও হয়রানির শিকার হতে হচ্ছে বলেও জানা গেছে।
স্থানীয় সূত্রের দাবি, ফতেপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হিসেবে পরিচিত ‘বুলেট’-এর নেতৃত্বে এই চক্রটি পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ঝুমঝুমপুর বিসিক এলাকার ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে কার্যক্রম চালিয়ে আসছিলেন। তবে রাজনৈতিক ও সাংগঠনিক পরিবর্তনের পর বাজার ব্যবসায়ী সমিতির কমিটি পুনর্গঠন করা হয়। এর পরপরই নানা অনিয়ম ও চাপের অভিযোগ সামনে আসতে শুরু করে।
চাকরিচ্যুত নাইটগার্ড মহিউদ্দিন অভিযোগ করেন, তাকে চাকরি চালিয়ে যেতে হলে প্রতি মাসে ৫ হাজার টাকা ‘ফান্ডে’ জমা দেওয়ার শর্ত দেওয়া হয়। এতে অসম্মতি জানালে তাকে বেতন-ভাতা পরিশোধ ছাড়াই চাকরি থেকে বাদ দেওয়া হয়। পাওনা বুঝে নিতে গেলে তিনি হুমকি ও চাপের মুখে পড়ছেন বলেও জানান।
মহিউদ্দিন আরও বলেন, গত সোমবার সকাল ১১টার দিকে একদল দুর্বৃত্ত তার বাড়িতে হামলা চালায়। এ সময় আশপাশের নারী ও স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে মহিউদ্দিনের স্ত্রী অভিযোগ করেন, বুলেটের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাদের বাড়িতে হামলা চালিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে যায়। পাশাপাশি তার স্বামী ও সন্তানের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
আরও কিছু স্থানীয় সূত্র জানায়, চক্রটি এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণে প্রভাব বিস্তার করছে এবং ভয়ের পরিবেশ তৈরি করে নিজেদের অবস্থান শক্ত করছে। এসব অভিযোগের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক সংক্রান্ত কিছু বিতর্কও উঠে এসেছে, যা নিয়ে এলাকায় আলোচনা চলছে; তবে এসব বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।
এদিকে ইউনিয়ন যুবদলের সেক্রেটারি আজিম হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, বুলেট একজন ভালো ছেলে, সে নিয়মিত নামাজ পড়ে এবং কোনো ধরনের ঝামেলায় জড়িত নয়।
অন্যদিকে কোতোয়ালি থানা বিএনপির সভাপতি আনজারুল হক খোকন বিষয়টি নিয়ে সরাসরি মন্তব্য না করে বলেন, সংশ্লিষ্ট পরিবার সম্পর্কে তিনি অবগত নন।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় ক্রমবর্ধমান এই পরিস্থিতিতে তারা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ এবং রাজনৈতিক নেতৃত্বের হস্তক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জোর দাবি জানিয়েছেন তারা।























