যশোরে নবনির্বাচিত এমপি সাবিরা সুলতানা মুন্নিকে বর্ণাঢ্য সংবর্ধনা
স্বাধীন কন্ঠ ডেস্ক
সংরক্ষিত নারী (৩১৪) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নিকে বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছেন চৌগাছা ও ঝিকরগাছার সর্বস্তরের দলীয় নেতাকর্মীরা।
বুধবার (৬ মে) সকালে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে পৌঁছালে শত শত নেতাকর্মী মোটরশোভাযাত্রাসহ ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে অভ্যর্থনা জানান।
এ সময় নবনির্বাচিত এমপি সাবিরা সুলতানা মুন্নি তাঁর নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বিমানবন্দর থেকে তিনি সরাসরি যশোর কারবালা কবরস্থানে যান। সেখানে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করেন।
পরে তিনি ঝিকরগাছায় নিজ বাসভবন এলাকায় ফিরে তাঁর স্বামী ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ নাজমুল ইসলামের কবর জিয়ারতে অংশ নেন।
এছাড়াও পর্যায়ক্রমে সাবেক ছাত্রনেতা শহীদ ওলিয়ার রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম জালাল উদ্দিন আহমেদ এবং বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম আব্দুস সামাদ বড় সাহেবের কবর জিয়ারত করেন তিনি।
এ সময় ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা এবং পৌর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইউনুস আলী দফাদার, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আউলিয়া প্রমুখ।























