যশোরে ফারিয়ার প্রতিবাদ সভা অনুষ্ঠিত
স্বাধীন কন্ঠ ডেস্ক
ঢাকায় ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের গ্রেফতার, অপমান ও অপদস্থ করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে) সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যালায়েন্স (ফারিয়া) যশোর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদ সভাটি যশোর জেনারেল হাসপাতালের সামনে ঘোপ-নওয়াপাড়া রোডে ল্যাবএইডের সামনে থেকে শুরু হয়ে হাসপাতালের তিন নম্বর গেটে গিয়ে শেষ হয়। এতে প্রায় ৮০ থেকে ৯০ জন প্রতিনিধি অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন ফারিয়া যশোর জেলা শাখার এক্সিকিউটিভ ফোরামের সদস্য ফারুক মাহমুদ। সেক্রেটারির দায়িত্ব পালন করেন আজমুল হুদা। এছাড়া সার্বিক সঞ্চালনায় ছিলেন ফারিয়ার সাবেক সাংগঠনিক সম্পাদক আছির উদ্দিন।
বক্তারা বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা স্বাস্থ্যসেবার অবিচ্ছেদ্য অংশ। তাদের কার্যক্রম ছাড়া চিকিৎসা সেবা পূর্ণতা পায় না। তারা উচ্চশিক্ষিত, প্রশিক্ষিত ও পেশাদার জনগোষ্ঠী হিসেবে দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
তারা আরও বলেন, সাম্প্রতিক সময়ে ঢাকায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে গ্রেফতার, অপমান ও কিছু গণমাধ্যমে আপত্তিকর মন্তব্যের ঘটনায় তারা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছেন। এ ধরনের আচরণ বন্ধের দাবি জানান বক্তারা।























