ঝিকরগাছায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি সাবিরা সুলতানা মুন্নীর মতবিনিময় সভা
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল দপ্তর প্রধানদের সঙ্গে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোছাঃ সাবিরা সুলতানা মুন্নীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ মে) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঝিকরগাছা উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোছাঃ সাবিরা সুলতানা মুন্নী। এছাড়া উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ জালাল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আবদুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নূরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা এবং রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় শুরুতে প্রধান অতিথি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি পর্বে অংশ নেন। পরে দপ্তর প্রধানরা তাদের নিজ নিজ দপ্তরের কার্যক্রম, সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
সভায় সরকারি সেবার মানোন্নয়ন, জনসেবামুখী প্রশাসন গড়ে তোলা, দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং ঝিকরগাছা উপজেলার সার্বিক উন্নয়নকে এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সকল সরকারি দপ্তরকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি উন্নয়নমূলক কর্মকাণ্ডে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।























