যশোরে বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন, শস্য বীমা চালুর ঘোষণা প্রতিমন্ত্রী অমিতের
স্বাধীন কন্ঠ ডেস্ক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, কৃষকদের সুরক্ষায় সরকার শস্য বীমা চালু করতে যাচ্ছে। এর মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতিপূরণ পেয়ে তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন।
শুক্রবার যশোরে অভ্যন্তরীণ বোরো মৌসুমে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ যৌথভাবে সরকারি খাদ্য গুদামে এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের পরপরই কৃষক কার্ড প্রদান কার্যক্রম চালুর মাধ্যমে সরকার কৃষকদের প্রতি দেওয়া অঙ্গীকার বাস্তবায়ন করেছে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা সরকারি ভর্তুকি মূল্যে কৃষি উপকরণ ক্রয় করতে পারবেন এবং স্বল্প সুদে কৃষিঋণ গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, দেশের কৃষি খাতের উন্নয়নের ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার উদ্যোগে খাল খনন, উন্নতমানের সার, বীজ ও কৃষি যন্ত্রপাতি আমদানির মাধ্যমে দেশে সবুজ বিপ্লবের সূচনা হয়। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার কৃষি উন্নয়নে নানা পদক্ষেপ বাস্তবায়ন করছে।
বৈশ্বিক সংকটের মধ্যেও কৃষকদের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ, ডিজেল ও সার সরবরাহ নিশ্চিত হওয়ায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের ধান ক্রয়ে কোনো ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের মাধ্যমে বোরো সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন এবং পরে একটি বৃক্ষরোপণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা খাদ্য নিয়ন্ত্রক সেফাউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক এবং জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ অনেকে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক সেফাউর রহমান জানান, চলতি বোরো মৌসুমে যশোর জেলায় ১৫ হাজার ১৬৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারিভাবে প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা।
পরে প্রতিমন্ত্রী যশোর শহরের বেজপাড়া তালতলা মোড়ে আনসার ক্যাম্পের সামনে গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।























