পুলিশ সপ্তাহে ভার্চুয়ালি যুক্ত হলো যশোর পুলিশ লাইন্স
স্বাধীন কন্ঠ ডেস্ক
“আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬। রোববার (১০ মে) সকাল ৯টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বর্ণাঢ্য পুলিশ প্যারেডের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানের পর রাজারবাগ পুলিশ লাইন্স বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত বিশেষ কল্যাণ প্যারেডে অংশ নেন প্রধানমন্ত্রী। এসময় তিনি উপস্থিত ও ভার্চুয়ালি যুক্ত থাকা বাংলাদেশ পুলিশের সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে যশোর জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেড থেকে ভার্চুয়ালি যুক্ত হন যশোর জেলা পুলিশসহ জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যরা। তারা প্রধানমন্ত্রী প্রদত্ত বক্তব্য ও কল্যাণ প্যারেডে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে যশোর পুলিশ লাইন্সে প্রীতিভোজের আয়োজন করা হয়। এতে জেলা পুলিশসহ বিভিন্ন ইউনিটের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।























