যশোরে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
স্বাধীন কন্ঠ ডেস্ক
‘অটিজম কোনো সীমাবদ্ধতা নয়—প্রতিটি জীবন মূল্যবান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আজ বুধবার সকালে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রফিকুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন, অটিস্টিক শিশুরা সমাজের বোঝা নয়। সঠিক পরিচর্যা, ভালোবাসা ও সুযোগ পেলে তারাও দেশের সম্পদে পরিণত হতে পারে। প্রতিটি জীবনের মূল্য সমান এবং তাদের মূলধারার সমাজে অন্তর্ভুক্ত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম, ইতি সেন ও আব্দুল ওহব ,অটিজম ও এনডিডি বিশেষজ্ঞ আমিনুর রহমান, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডাক্তার প্রজ্ঞা পারমিতা,ল্যাম্প এর নির্বাহী পরিচালক ডাক্তার আহসান হাবীব, প্রয়াস যশোর অঞ্চল প্রশাসনিক কর্মকর্তা শায়লা শারমিন,জেলা এনজিও সমন্বয়কারী শেখ রাকিবুল ইসলাম নয়ন, নাসির উদ্দীন (জেলা সমন্বয়কারী) এবং মুস্তাফিজুর রহমান।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সক্রিয়ভাবে সহযোগিতা ও অংশগ্রহণ করে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, বাঁচতে শেখা, এবং সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়। আলোচনা সভা শেষে একটি সচেতনতামূলক র্যালি শহর প্রদক্ষিণ করে।
বক্তারা অটিজম নিয়ে বিদ্যমান সামাজিক কুসংস্কার দূর করতে এবং এসব শিশুদের সুপ্ত মেধা বিকাশে একটি অনুকূল ও সহমর্মিতামূলক পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।























