যশোরের চেহারা বদলে দিতে কাজ চলছে: ডিসি আশেক হাসান
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর জেলাকে আধুনিক, নান্দনিক ও ঐতিহ্যসমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলতে সমন্বিত উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। তিনি বলেন, আমরা যশোরের চেহারা বদলে দিতে চাই। পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই।
রোববার সকালে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, যশোর ইনস্টিটিউটকে আন্তর্জাতিক মানের গবেষণাকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে ৫০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। আরও কয়েক কোটি টাকার প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। স্থগিত মধুমেলার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত আসবে বলেও জানান তিনি। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে।
তিনি বলেন, কালেক্টরেট ভবনের সৌন্দর্যবর্ধনে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। ভবনের পাশে আরও পামগাছ লাগানো হবে। পাশাপাশি সব সরকারি ভবনের ছাদে সোলার প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনাও রয়েছে। কালেক্টরেট ভবনের উন্নয়নের জন্য ৭৫ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে।
খাদ্য বিভাগের কার্যক্রম নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে ডিসি বলেন, জিআর-টিআর কর্মসূচির চাল যেন নষ্ট বা পোকায় আক্রান্ত না হয়। সেদিকে নজর রাখতে হবে। ধান ক্রয়ে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। কৃষকদের সরকারি গুদামে ধান বিক্রিতে উৎসাহিত করার আহ্বান জানান তিনি।
ঝিকরগাছার ফুলকে বিশ্ববাজারে পরিচিত করতে কাজ চলছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, আসন্ন ফুল মেলায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর প্রতিনিধিরা অংশ নেবেন। আমরা আন্তর্জাতিক বাজারে ঝিকরগাছার ফুল রপ্তানি করতে চাই।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম বলেন, জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ চোরচক্র তৎপর হয়ে উঠেছে।বিভিন্ন দপ্তরের পাইব তার চুরি করছে। এদের অধিকাংশই মাদকাসক্ত ও ছিটকে অপরাধী। ঈদকে সামনে রেখে জাল টাকার বিস্তার বাড়তে পারে উল্লেখ করে তিনি নগদ অর্থ লেনদেনে সতর্ক থাকার আহ্বান জানান। এছাড়া অনলাইন প্রতারণা ও অনলাইন জুয়ার বিষয়ে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ করেন তিনি।
তিনি আরও বলেন, জেলায় ৩০টি পশুর হাটের মধ্যে ২২টি স্থায়ী ও ৮টি অস্থায়ী। পশুর হাট ব্যবস্থাপনায় প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবকদেরও সম্পৃক্ত করা হবে।
পৌর প্রশাসক রফিকুল ইসলাম বলেন, কালবৈশাখী ঝড়ে শহরের বিভিন্ন এলাকায় সড়কবাতি নষ্ট হচ্ছে। খবর পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। মশা নিয়ন্ত্রণেও পরিকল্পনা রয়েছে। তিনি জানান, গত বছরের তুলনায় এ বছর পৌর এলাকার ড্রেন থেকে দ্বিগুণের বেশি ময়লা অপসারণ করতে হচ্ছে। উচ্ছেদ অভিযানের পরও শহরে বিশেষ করে হাসপাতাল গেট এলাকায় পুনরায় যানজট সৃষ্টি হচ্ছে।
স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন বলেন, বর্তমানে হামের প্রভাব রয়েছে। যশোর জেলায় শতভাগ টিকাদান নিশ্চিত করা সম্ভব হয়েছে। রাস্তার পাশের পানীয় ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি বরফ ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব থেকে হেপাটাইটিস-বি ভাইরাস ছড়ানোর ঝুঁকি রয়েছে। যেসব ক্লিনিক ২ থেকে ৩ বছর ধরে লাইসেন্স নবায়ন করেনি, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেনও জানান তিনি।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হুসাইন সাফায়াত বলেন, হাসপাতাল এলাকায় যানজট নিয়ন্ত্রণে প্রশাসনকে হিমশিম খেতে হচ্ছে। র্যাবিস ভ্যাকসিনের সরবরাহ বাড়ানোর দাবি জানান তিনি। এছাড়া হাসপাতাল এলাকায় দালালচক্র নিয়ন্ত্রণে অভিযান চলমান রয়েছে বলে জানান।
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল হাসান বলেন, বর্তমানে সরকারি ৩০টি অফিস শহরের বিভিন্ন ভাড়া ভবনে পরিচালিত হচ্ছে। এসব অফিস আইটি পার্কে স্থানান্তর করা গেলে বছরে প্রায় ২১ লাখ ৭৩ হাজার টাকা সাশ্রয় হবে।
সভায় জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, মাদক নিয়ন্ত্রণ, বৃক্ষরোপণ, ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদারসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। তবে সভায় অংশ নেওয়া অনেক দপ্তরের প্রতিনিধিকে তাদের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে তারা ‘সব ঠিকভাবে চলছে, কোনো সমস্যা নেই’ ধরনের গতানুগতিক বক্তব্য দেন। অনেককে দাপ্তরিক কর্মকাণ্ডের অগ্রগতির চিত্র লিখিত আকারে উপস্থাপন করতে দেখা যায়নি।
সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোশারফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক কমলেশ মজুমদার, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।























