ঝিকরগাছার করিম আলী রঘুনাথপুর আঃ খালেক আলিম মাদ্রাসায় নিয়োগে অনিয়মের অভিযোগ
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের ঝিকরগাছা উপজেলার করিম আলী রঘুনাথপুর আঃ খালেক আলিম মাদ্রাসায় অফিস সহায়ক পদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, বৈষম্য ও অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার সকালে চাকরি প্রার্থী মো. দিপু যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ৫ এপ্রিল স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে মাদ্রাসা কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে ১৫ দিনের মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার নির্দেশনা ছিল।
মো. দিপুর অভিযোগ, নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র, প্রয়োজনীয় কাগজপত্র ও পোস্টাল অর্ডারসহ মাদ্রাসায় গিয়ে আবেদন জমা দিতে চাইলে কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি। পরে জমা নেওয়া হবে বলে তাকে ফিরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে আবার আবেদন জমা দিতে গেলে কোনো গ্রহণযোগ্য কারণ ছাড়াই আবেদনপত্র গ্রহণে অস্বীকৃতি জানানো হয়।
তিনি বলেন, আমি একজন চাকরি প্রার্থী হিসেবে চরম হতাশ হয়েছি। পরে খোঁজ নিয়ে জানতে পারি, মাদ্রাসা কর্তৃপক্ষ চারজন প্রার্থীর আবেদনপত্র গ্রহণ করেছে। তাদের মধ্যে মোটা অংকের টাকার বিনিময়ে সজিব নামে একজনকে নিয়োগ দেওয়ার আলোচনা স্থানীয়দের মুখে মুখে শোনা যাচ্ছে।
তিনি আরও বলেন, এটি শুধু অনিয়ম নয়, বরং যোগ্য প্রার্থীদের সাংবিধানিক ও নাগরিক অধিকার ক্ষুণ্ন করার শামিল। একটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের অস্বচ্ছ ও পক্ষপাতমূলক আচরণ কখনোই কাম্য হতে পারে না।
সংবাদ সম্মেলনে দিপু অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে নির্দিষ্ট ব্যক্তিকে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে তার আবেদনপত্র গ্রহণ করা হয়নি। অভিযোগ সত্য হলে তা সম্পূর্ণ বেআইনি ও দুর্নীতির শামিল বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসন ও শিক্ষা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী চাকরি প্রার্থী।
তবে এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।























