শিক্ষায় বরাদ্দ বৃদ্ধির দাবিতে যশোরে বাকবিশিসের মানববন্ধন
স্বাধীন কন্ঠ ডেস্ক
জাতীয় বাজেটে শিক্ষাখাতে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। একই সঙ্গে ২০২২ সাল থেকে অবসরে যাওয়া প্রায় ৬৭ হাজার বেসরকারি শিক্ষক-কর্মচারীর ‘অবসর ও কল্যাণ ফান্ড’-এর অর্থ প্রদান এবং নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মানবিক জীবনযাপনের নিশ্চয়তা দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সংগঠনটি।
সোমবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে যশোর জেলার বিভিন্ন অঞ্চলের শিক্ষক-কর্মচারী অংশ নেন। বক্তারা বলেন, শিক্ষাখাতে দীর্ঘদিন ধরে অবহেলা চলায় শিক্ষা ব্যবস্থায় সংকট আরও গভীর হচ্ছে। অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন এবং নন-এমপিও শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন।
বক্তারা আসন্ন জাতীয় বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি এবং বাকবিশিস ঘোষিত ১১ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে সরকারি ও বেসরকারি শিক্ষা ব্যবস্থায় বিদ্যমান বৈষম্য দূর করে সার্বিক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি তোলেন তারা।
বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি যশোর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ পান্ডেল চৌধুরীর সভাপতিত্বে এবং সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ আব্দুল গফুরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা কমিটির সহ-সম্পাদক মোঃ ইবাদত খান, মোঃ মোক্তার আলী, সোহেল রানা, নির্মল কুমার বিশ্বাস, ফিরোজ আহমেদসহ হামিদপুর আল-হেরা কলেজ, শমসের আলী ডিগ্রি কলেজ ও শিল্পনগরী অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নেতৃবৃন্দ।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আসন্ন বাজেটে শিক্ষকদের ন্যায্য ও মানবিক দাবিগুলোর প্রতিফলন না ঘটলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।#























