যবিপ্রবিতে সেমিনারে বিজ্ঞান গ্রাজুয়েটদের অ-বিজ্ঞান পেশায় ঝোঁক বাড়ছে
স্বাধীন কন্ঠ ডেস্ক
বিজ্ঞানে শিক্ষিত গ্রাজুয়েটরা ডিগ্রি অর্জনের পর বিজ্ঞান সংশ্লিষ্ট পেশা ছেড়ে অ-বিজ্ঞান সরকারি ও বেসরকারি চাকরিতে ঝুঁকে পড়ছেন। ফলে দেশে বিপুল সংখ্যক বিজ্ঞান ডিগ্রিধারী তৈরি হলেও বিজ্ঞান ও প্রযুক্তি খাতে দক্ষ জনবল ধরে রাখা যাচ্ছে না। এতে দেশের শ্রমবাজার ও জাতীয় অর্থনীতি বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
মঙ্গলবার (১৯ মে) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর সেন্ট্রাল গ্যালারিতে আয়োজিত এক একাডেমিক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
‘বাংলাদেশে বিজ্ঞান শিক্ষার তত্ত্ব ও প্রয়োগের ব্যবধান দূরীকরণ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে কেআরটিসি দক্ষিণ-পশ্চিম অঞ্চল। সার্বিক সহযোগিতায় ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর।
সেমিনারে মূল বক্তা ও গবেষণা সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন জার্মানির ইউনিভার্সিটি অব সিগেন থেকে উচ্চতর ডিগ্রিধারী এবং কেআরটিসির প্রতিষ্ঠাতা মোঃ জাকারিয়া হোসেন। তিনি বাংলাদেশে বিজ্ঞান শিক্ষার বর্তমান সংকট, সীমাবদ্ধতা এবং কাঠামোগত নীতিগত সমস্যাগুলো বিশদভাবে তুলে ধরেন।
বক্তারা বলেন, দেশের অধিকাংশ শিক্ষার্থী নামমাত্র হাতে-কলমে কাজ ও সীমিত ল্যাব সুবিধা নিয়ে ডিগ্রি সম্পন্ন করছে। ফলে তাদের বাস্তবভিত্তিক ও ব্যবহারিক দক্ষতা দুর্বল থেকে যাচ্ছে। এছাড়া বর্তমান পাঠ্যক্রম অতিমাত্রায় তাত্ত্বিক ও পাঠ্যবইনির্ভর হওয়ায় বাস্তব কর্মজগতের সঙ্গে শিক্ষার সংযোগ তৈরি হচ্ছে না।
তারা আরও বলেন, স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য গবেষণা ও মেন্টরশিপের সুযোগ অত্যন্ত সীমিত। অথচ দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতি শিক্ষার্থীর পেছনে সরকার বছরে প্রায় ৮৭ হাজার থেকে ২ লাখ ৩ হাজার টাকা পর্যন্ত ব্যয় করছে। কিন্তু গবেষণাগার ও কার্যকর নীতিমালার অভাবে এই বিনিয়োগের বিপরীতে প্রত্যাশিত বৈজ্ঞানিক আউটপুট বা দেশীয় প্রযুক্তিগত উন্নয়ন আসছে না।
বিজ্ঞান শিক্ষার তত্ত্ব ও প্রয়োগের ব্যবধান কমাতে বক্তারা কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে পাঠ্যক্রম আধুনিকায়ন, ল্যাবরেটরি সুবিধা বৃদ্ধি, স্নাতক পর্যায় থেকে গবেষণায় তহবিল বরাদ্দ এবং বিজ্ঞান গ্রাজুয়েটদের জন্য আকর্ষণীয় কর্মসংস্থান সৃষ্টি।
একই সঙ্গে এই সংকট মোকাবিলায় সরকারের নীতিগত পরিবর্তন ও বিজ্ঞান খাতে বড় ধরনের বিনিয়োগের আহ্বান জানান তারা।
সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. দিলীপ কুমার সরকার এবং ড. শাহ মোঃ শাহান শাহরিয়ার।























