যশোরে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত
স্বাধীন কন্ঠ ডেস্ক
‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে বিশ্ব মেট্রোলজি দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যশোরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাখাওয়াত হোসেন এবং পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার।
স্বাগত বক্তব্য দেন বিএসটিআই যশোরের সহকারী প্রকৌশলী মো. আসলাম শেখ। তিনি বিশ্ব মেট্রোলজি দিবসের তাৎপর্য ও নীতি নির্ধারণে সঠিক পরিমাপ ব্যবস্থার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যবিপ্রবির শিক্ষক সাখাওয়াত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল হাসান বলেন, মানুষ নির্দিষ্ট দোকানে আস্থা ও বিশ্বাসের জায়গা থেকে পণ্য ক্রয় করতে যায়। বিএসটিআইয়ের লোগোর প্রতি মানুষের আস্থা রয়েছে। আমরা সবাই নিয়ম মেনে চলবো, সঠিক ওজন নিশ্চিত করবো। ব্যবসায়ীদেরও উচিত ওজনে স্বচ্ছতা ও সততা বজায় রাখা।
আলোচনা সভায় ভিডিও চিত্র প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা এবং প্রবন্ধ পাঠের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।























