ঈদে বাজার নিয়ন্ত্রণে যশোরে জেলা প্রশাসনের টাস্কফোর্স
স্বাধীন কন্ঠ ডেস্ক
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং সাধারণ ভোক্তার স্বার্থ সুরক্ষায় যশোরে বাজার মনিটরিং কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার যশোর রেল স্টেশন বাজার এলাকায় এই বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন যশোর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাওমীদ হাসান।
ভ্রাম্যমাণ আদালত চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট দোকানে দোকানে গিয়ে পণ্যের দাম জিজ্ঞাসা করেন এবং ব্যবসায়ীদের কাছে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন করা হয়েছে কিনা তা খতিয়ে দেখেন। পাশাপাশি পেঁয়াজ, রসুনসহ ঈদে অতিপ্রয়োজনীয় বিভিন্ন মসলার ক্রয় মেমো (রসিদ) ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। কোনো অবস্থাতেই যেন কৃত্রিম সংকট তৈরি করে বা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করা না হয়, সে বিষয়ে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার আইনে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে ‘লাভলু শেখের দোকান’ ও ‘সাব্বির স্টোর’-কে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সাথে ব্যবসায়ীদের প্রতিদিনের হালনাগাদ মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়। এছাড়া ক্রেতাদের সুবিধার্থে বাজারের চলাচলের মূল পথে কোনো পণ্য বা মালামাল না রাখার জন্যও সতর্ক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাওমীদ হাসান জানান, ঈদকে সামনে রেখে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ ক্রেতাদের স্বস্তি নিশ্চিত করতে এই মনিটরিং কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।
তিনি আরও জানান, আজকের জরিমানাগুলো প্রাথমিকভাবে সতর্কতামূলক হিসেবে করা হয়েছে। পরবর্তীতে একই অপরাধের পুনরাবৃত্তি ঘটলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা ও কারাদণ্ডসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।























