৩০ ফুট উঁচু খেজুর গাছ থেকে বিড়াল উদ্ধার
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের জামতলা এলাকায় ৩০ ফুট উঁচু একটি খেজুর গাছের মাথায় আটকে পড়া একটি বিড়ালকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বুধবার সকালে দীর্ঘ চার ঘণ্টার উৎকণ্ঠার অবসান ঘটিয়ে এই ব্যতিক্রমী ও মানবিক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার সকাল থেকে বিড়ালটি কোনোভাবে খেজুর গাছের চূড়ায় উঠে আটকে পড়ে। নিচে নামতে না পেরে প্রাণীটি অবিরাম ডাকতে থাকে। প্রথমে স্থানীয়রা নিজেরাই বিভিন্নভাবে সেটিকে উদ্ধার করার চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হলে পরে যশোর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। বিশেষ মই ও উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে কর্মীরা সতর্কতার সঙ্গে গাছের ওপরে ওঠেন। প্রায় চার ঘণ্টার চেষ্টার পর কোনো ধরনের আঘাত ছাড়াই বিড়ালটিকে নিরাপদে নিচে নামিয়ে আনতে সক্ষম হন তারা।
বিড়ালটি উদ্ধার হওয়ার পর উপস্থিত এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে আসে। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিস কর্মীদের মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
উদ্ধার অভিযানের নেতৃত্বদানকারী রেজাউল ইসলাম বলেন, “বিড়ালটি কী প্রাণী সেটি মুখ্য বিষয় নয়; বিপদে পড়া প্রতিটি জীবের প্রাণ রক্ষা ও উদ্ধার করাই আমাদের দায়িত্ব। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা অভিযান পরিচালনা করেছি।”























