যশোরের গাজীপাড়াকে মাদকমুক্ত করার দাবিতে মানববন্ধন
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের ধর্মতলা কদমতলার গাজীপাড়া এলাকায় মাদকের অভয়ারণ্য উচ্ছেদ এবং সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় এলাকাবাসী। সোমবার গাজীপাড়ায় সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এই মাদকবিরোধী মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে ক্ষুব্ধ বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ দিন ধরে ধর্মতলা ও খোলাডাঙ্গার গাজীপাড়া এলাকাটি মাদকের একটি বড় ‘হটস্পট’ হিসেবে পরিচিত। স্থানীয় প্রশাসন, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই স্পট এবং এর সাথে জড়িত অপরাধীদের বিষয়ে বিস্তারিত অবগত থাকলেও মূল হোতারা রহস্যজনকভাবে বরাবরই পার পেয়ে যাচ্ছে।
প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন যশোরের আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রাশেদ খান। তিনি প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে বলেন, এই এলাকাটি দীর্ঘ দিন ধরে মাদকের অভয়ারণ্য। প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই স্পট এবং মাদক বিক্রেতাদের সম্পর্কে সবকিছুই জানে। মাঝেমধ্যে এখানে রেইড (অভিযান) হলেও চিহ্নিত মূল মাদক ব্যবসায়ীরা বরাবরই ধরাছোঁয়ার বাইরে থেকে যায়।
তিনি আরও বলেন, বাইরে থেকে আসা মাদকসেবীদের প্রকাশ্য উৎপাতে স্থানীয় নারীরা প্রতিনিয়ত বিব্রতকর ও চরম নিরাপত্তাহীন পরিস্থিতিতে পড়ছেন। মাদকের এই দূষিত পরিবেশের কারণে এলাকার শিশু-কিশোর ও শিক্ষিত তরুণরা বিপথগামী হচ্ছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, অতিষ্ঠ হয়ে অনেক ভালো পরিবার এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। আগামী প্রজন্মের ভবিষ্যতের স্বার্থে এই বিষাক্ত পরিবেশ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
উক্ত মানববন্ধনে উপস্থিত হয়ে একাত্মতা ও সংহতি প্রকাশ করেন ৯ নম্বর আরবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ বাচ্চু মিয়া। নিজের এলাকাকে নিরাপদ করার আকুতি জানিয়ে তিনি বলেন, আমার বাড়ি এই গাজীপাড়ার ভেতরেই। এখানে শুধু মাদকই বিক্রি হয় না, এর সাথে প্রকাশ্য চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলে, এলাকায় আতঙ্ক তৈরি করতে নিয়মিত বোমা ফোটে। আমরা এলাকাবাসী এর স্থায়ী প্রতিকার চাই এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা চাই।
মানববন্ধন ও সমাবেশ শেষে সর্বস্তরের জনতার একটি বিশাল বিক্ষোভ মিছিল গাজীপাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার এবং গাজীপাড়াকে সম্পূর্ণ ‘মাদকমুক্ত এলাকা’ ঘোষণার জোর দাবি জানানো হয়। অন্যথায় আগামীতে প্রশাসনের বিরুদ্ধে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন স্থানীয় বাসিন্দারা।























