ঈদের পরও জমেনি রাজারহাটের চামড়ার হাট
স্বাধীন কন্ঠ ডেস্ক
দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ চামড়ার বাজার যশোরের রাজারহাটে ঈদুল আজহার পর দ্বিতীয় চামড়ার হাটও আশানুরূপ জমেনি। সরবরাহ কম এবং বাজারদর প্রত্যাশার তুলনায় নিচে থাকায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরা। মঙ্গলবার অনুষ্ঠিত হাটে লক্ষ্যমাত্রার তুলনায় অত্যন্ত কম সংখ্যক চামড়া ওঠে। হাট সংশ্লিষ্টদের দাবি, এদিন পাঁচ হাজারেরও কম চামড়া বাজারে এসেছে।
এদিন, অন্যান্য সময়ের তুলনায় হাটে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি ছিল কম। বড় ট্যানারি মালিক কিংবা বাইরের অঞ্চলের বড় ব্যবসায়ীদের অংশগ্রহণও ছিল সীমিত। অল্প কয়েকজন স্থানীয় ও বহিরাগত ব্যবসায়ী চামড়া কেনাবেচা করতে দেখা যায়।
ঢাকার হেমায়েতপুর থেকে আসা চামড়া ব্যবসায়ী ইউসুফ শামীম বলেন, আমরা সরকার নির্ধারিত দাম অনুযায়ী চামড়া কিনছি। ভালো মানের গরুর চামড়ার জন্য নির্ধারিত মূল্য যথাযথ রয়েছে। তবে কাটিং বা বাছুরের চামড়ার ক্ষেত্রে বাজারভেদে দামের তারতম্য রয়েছে। বর্তমানে কেনাবেচা চলছে, সামনে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলে আশা করছি।
অন্যদিকে ক্ষুদ্র ব্যবসায়ীরা লোকসানের আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন। এক ব্যবসায়ী জানান, তিনি ১৪টি চামড়া প্রায় ১১ থেকে ১২ হাজার টাকায় সংগ্রহ করেছিলেন। কিন্তু হাটে এসে সেগুলোর মূল্য ৭ থেকে ৮ হাজার টাকার বেশি পাচ্ছেন না। এতে পরিবহন ও সংরক্ষণ খরচসহ উল্লেখযোগ্য পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
বাজার পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয় কয়েকজন ব্যাপারির মতে, এ বছর কোরবানির সংখ্যা কিছুটা কম হওয়ায় সরবরাহ কমেছে। এছাড়া অনেকেই চামড়া লবণজাত করে ঘরে বা বিভিন্ন মাদ্রাসায় সংরক্ষণ করে রেখেছেন। কোরবানির পর ব্যস্ততার কারণে অনেক ব্যবসায়ী এখনও চামড়া বাজারে আনেননি। ফলে আগামী শনিবারের হাটে চামড়ার সরবরাহ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে তারা আশা করছেন।
তবে চামড়ার অস্বাভাবিক কম সরবরাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজারহাটের ইজারাদার রাজু আহমেদ। তিনি বলেন, ঈদের পর প্রথম হাটে সরবরাহ কম থাকলেও আজকের হাটে অন্তত ২০ থেকে ৩০ হাজার চামড়া আসার প্রত্যাশা ছিল। কিন্তু বাস্তবে এসেছে মাত্র ১ থেকে দেড় হাজার চামড়া। যশোর অঞ্চলে যে পরিমাণ কোরবানি হয়েছে, তার তুলনায় বাজারে চামড়ার উপস্থিতি অত্যন্ত কম।
তিনি আরও বলেন, চামড়াগুলো কোথায় রয়েছে, কী অবস্থায় আছে কিংবা সীমান্ত দিয়ে পাচার হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা। প্রায় অর্ধকোটি টাকা দিয়ে হাট ইজারা নিয়েছি। বর্তমান পরিস্থিতিতে ইজারার অর্থ আদায় নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
চামড়া ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের মতে, আগামী শনিবারের হাট দক্ষিণাঞ্চলের চামড়া বাজারের জন্য গুরুত্বপূর্ণ হবে। সেদিন চামড়ার সরবরাহ বৃদ্ধি এবং বড় ব্যবসায়ীদের অংশগ্রহণ না বাড়লে এ খাতের সঙ্গে জড়িত ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন।























