সীমান্ত হত্যা নিয়ে ভারতকে আন্তর্জাতিক আদালতে নেওয়ার দাবি এনসিপির পাটওয়ারীর
স্বাধীন কন্ঠ ডেস্ক
বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের কথিত ‘পুশইন’ চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনাগুলোর বিচার নিশ্চিত করতে ভারতকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছেন তিনি।
বুধবার (৩ জুন) দুপুরে যশোরের বেনাপোলের সাদিপুর ও রঘুনাথপুর সীমান্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের মৃত্যুর ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী। কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলেও বিচার ছাড়া তাকে হত্যা করা গ্রহণযোগ্য নয়। তিনি সীমান্ত হত্যার বিষয়টি আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে উত্থাপনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সীমান্ত এলাকার মানুষের জীবনযাত্রা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সীমান্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ অপ্রতুল। এসব সমস্যা সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে আরও আধুনিক ও শক্তিশালী করার দাবি জানিয়ে বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদারে আধুনিক সরঞ্জাম, ড্রোন, নাইট ভিশন প্রযুক্তি ও দ্রুতগামী টহল যান প্রয়োজন। পাশাপাশি বিজিবি সদস্যদের সুযোগ-সুবিধা বৃদ্ধিরও আহ্বান জানান তিনি।
পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দারা সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজেদের উদ্বেগ ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩১ মে রাতে বেনাপোল সীমান্তের বিপরীতে ভারতের হরিদাসপুর এলাকায় শতাধিক নারী, পুরুষ ও শিশুকে জড়ো করে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। বিজিবির কড়া অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পরে কয়েকদিন শূন্যরেখায় অবস্থানের পর তাদের সরিয়ে নেওয়া হয়।
ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।























