জাগজাপিডার উদ্যোগে চৌগাছায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের চৌগাছা উপজেলায় জাগজাপিডা শিক্ষার্থী সংগঠনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ গ্রহণ করেছেন।
শনিবার (৬ জুন) গরীবপুর আদর্শ বিদ্যাপীঠ মাঠে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে সহযোগিতা করে যশোর মেডিসিন ব্যাংক। জাগজাপিডা শিক্ষার্থী সংগঠনের প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত চলা এ স্বাস্থ্যসেবা কর্মসূচিতে যশোরের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা সিংহঝুলী ইউনিয়নের গরীবপুর, জামলতা, জাহাঙ্গীরপুর, পিতাম্বরপুর ও হুদাফতেপুর এলাকার রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।
জাগজাপিডা শিক্ষার্থী সংগঠনের সভাপতি আশানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মেডিসিন ব্যাংকের সভাপতি ও যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার হুসাইন সাফায়াত। বিশেষ অতিথি ছিলেন গরীবপুর আদর্শ বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল আরিফ শান্তি, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুস আলী দফাদার, সহ-সভাপতি হুসাইন আহমেদ, যশোর এমএম কলেজের বাংলা বিভাগের প্রধান মোস্তাফিজুর রহমান, গরীবপুর আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নূর ইসলাম এবং সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন।
ক্যাম্পে ওরাল ও ডেন্টাল সার্জন ডা. ইয়াকুব আলী মোল্লা, চক্ষু বিশেষজ্ঞ ডা. মাসুম রেজা, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. জিয়াসমীন আক্তার তনিমা, মেডিসিন বিশেষজ্ঞ ডা. সাইফুর রহমান, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জসীম উদ্দীন সরকার এবং শিশু গ্যাস্ট্রো-লিভার ও পুষ্টি বিশেষজ্ঞ ডা. উম্মে জান্নাতুল ফেরদৌস চিকিৎসাসেবা প্রদান করেন।
আয়োজকরা জানান, ২০০১ সালে প্রতিষ্ঠিত জাগজাপিডা শিক্ষার্থী সংগঠন দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক সচেতনতা, মানবিক সহায়তা, পরিবেশ রক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সমাজের মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার থেকেই এই বৃহৎ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।























