যশোরে জেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
স্বাধীন কন্ঠ ডেস্ক
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যশোরে ‘জেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সদর উপজেলার বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং—এই চার ক্যাটাগরিতে জেলার বিভিন্ন উপজেলার বিজয়ী শিক্ষার্থীরা জেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) জি.এম. আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে আগামী দিনের যোগ্য নাগরিক ও নেতৃত্ব তৈরি হবে।
এবারের প্রতিযোগিতায় বালক ও বালিকা উভয় বিভাগে সমসংখ্যক ইভেন্ট অনুষ্ঠিত হয়। মোট ৪২টি ইভেন্টের মধ্যে বালক বিভাগে ২১টি এবং বালিকা বিভাগে ২১টি ইভেন্ট ছিল। জেলার আটটি উপজেলার শিক্ষার্থীরা ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের মেধা ও দক্ষতার পরিচয় দেয়।
প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে মেডেল, সনদপত্র ও ট্রফি তুলে দেন অতিথিরা।























