চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের বাড়ীয়ালী গ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা রাজু আহমেদকে আটকের অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাশাপোল ইউনিয়নের ৩ নম্বর বাড়ীয়ালী ওয়ার্ডের ইউপি সদস্য রাজু আহমেদ স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
এলাকাবাসীর দাবি, বাড়ীয়ালী গ্রামের প্রবাসী তোতা মিয়ার অনুপস্থিতিতে তাঁর স্ত্রীর সঙ্গে রাজু আহমেদের দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে এলাকায় আলোচনা চলছিল।
অভিযোগ রয়েছে, গত শনিবার রাতে রাজু আহমেদ ওই নারীর বাড়িতে অবস্থানকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে গ্রামবাসী বাড়িটি ঘিরে ফেলে এবং তাদের আপত্তিকর অবস্থায় আটক করে।
স্থানীয় বাসিন্দা রহমান হোসেন জানান, ঘটনাটি জানাজানি হওয়ার পর উত্তেজিত জনতা রাজু আহমেদকে মারধর করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে, ঘটনার পর অভিযুক্ত ইউপি সদস্যকে রক্ষায় রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, ঘটনাটি ধামাচাপা দিতে বিভিন্ন মহল থেকে প্রভাব খাটানোর চেষ্টা করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, পুলিশ ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করছে। পুলিশের পক্ষ থেকে ইউপি সদস্যকে ‘ফাঁসানোর চেষ্টা’ করা হয়েছে বলে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের মতে, ঘটনাস্থলে আটকের পরও অভিযুক্তকে নির্দোষ প্রমাণের চেষ্টা করা হচ্ছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত জনপ্রতিনিধির বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান তারা।
এ বিষয়ে চৌগাছা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অফিসার ইনচার্জ মামুনুর রশীদ বলেন, ঘটনা সত্য। আমি দশপাখিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত সদস্যদের ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। পরে গ্রামীণ সালিশের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করা হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে ইউপি সদস্য রাজু আহমেদের বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
উল্লেখ্য, এ ঘটনায় চৌগাছা উপজেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।























