যশোরে খেজুরগাছ সংরক্ষণে ২০ লাখ বীজ বপন কর্মসূচির উদ্বোধন
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেজুরের রস ও গুড়ের ঐতিহ্য পুনরুদ্ধার এবং খেজুরগাছ সংরক্ষণের লক্ষ্যে ২০ লাখ খেজুর বীজ বপনের বৃহৎ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সামাজিক সংগঠন ‘উদ্যাম’-এর উদ্যোগে এবং যশোর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সোমবার সদর উপজেলার কনেজপুর-নিমতলা সড়কের প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন দেশসেরা কৃষি কনটেন্ট ক্রিয়েটর জুয়েল রানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তাপস কুমার চক্রবর্তী, উদ্যামের আহ্বায়ক রিশাদ হাসান বিপ্পি, সদস্য সচিব দেলোয়ার হোসেন দিলসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, দুই সপ্তাহব্যাপী এ কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন সরকারি পতিত জমি এবং সড়কের দুই পাশে খেজুর বীজ বপন করা হবে। এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, খেজুরগাছের সংখ্যা বৃদ্ধি এবং যশোরের ঐতিহ্যবাহী খেজুরের রস ও গুড়ের উৎপাদন পুনরুদ্ধারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্যে উদ্যামের সদস্য সচিব দেলোয়ার হোসেন দিলসান বলেন, আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে খেজুরগাছ ও গাছির সংখ্যা। গত পাঁচ বছরে জেলায় প্রায় ৫০ হাজার খেজুরগাছ এবং প্রায় দেড় হাজার গাছি কমে গেছে। এর ফলে বছরে প্রায় ৫৫ লাখ লিটার খেজুরের রস উৎপাদন হ্রাস পেয়েছে। এতে যশোরের ঐতিহ্যবাহী খেজুরের রস ও গুড় ক্রমেই দুষ্প্রাপ্য হয়ে উঠছে।
তিনি বলেন, “খেজুরগাছ শুধু একটি গাছ নয়, এটি যশোরের ইতিহাস, সংস্কৃতি ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ঐতিহ্য সংরক্ষণে ব্যাপকভাবে খেজুর বীজ বপনের উদ্যোগ নেওয়া হয়েছে।”
বক্তারা বলেন, খেজুরগাছ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই খেজুরগাছ সংরক্ষণ ও সম্প্রসারণে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে আগামী কয়েক বছরের মধ্যে জেলায় খেজুরগাছের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং ঐতিহ্যবাহী খেজুরের রস ও গুড় উৎপাদন আবারও সমৃদ্ধ অবস্থায় ফিরে আসবে।























