বাবা দিবসে আছিয়া ইসলাম দোলার আবেগঘন উপহার ‘বাবার ছায়া’
বিনোদন ডেস্ক
বিশ্ব বাবা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী আছিয়া ইসলাম দোলার নতুন মিউজিক ভিডিও ‘বাবার ছায়া’। বাবা হারানোর ব্যক্তিগত বেদনা, স্মৃতি এবং অমলিন ভালোবাসাকে উপজীব্য করে নির্মিত গানটি ইতোমধ্যে দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
গানটির কথা লিখেছেন গীতিকার তারেক আনন্দ এবং সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাস। মিউজিক ভিডিওটি প্রকাশ করা হয়েছে দোলার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘আছিয়া ইসলাম দোলা’ থেকে।
দুই বছর আগে বাবাকে হারানোর পর তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গানটি তৈরি করেন দোলা। এ প্রসঙ্গে তিনি বলেন, “তারেক আনন্দ ভাইয়ের সঙ্গে বাবার অনেক স্মৃতি নিয়ে কথা বলতাম। একসময় তাকে বাবাকে নিয়ে একটি গান লেখার অনুরোধ করি। প্রথমে তিনি বিষয়টিকে কঠিন বললেও আমার ও আমার বাবার জীবনের গল্প শুনে অনুপ্রাণিত হয়ে পরদিনই এই চমৎকার লিরিকটি পাঠান। গানটি মূলত আমার জীবনের এক প্রামাণ্য চিত্র।”
দোলা জানান, মিউজিক ভিডিওটিতে শুধু স্মৃতিচারণ নয়, দর্শকদের জন্য একটি আবেগঘন বার্তাও রয়েছে। যাদের বাবা এখনও জীবিত আছেন, তাদের উদ্দেশে ভিডিওর শেষে বিশেষ বার্তা যুক্ত করা হয়েছে। এছাড়া বাবার সঙ্গে তার শেষ ফোনালাপের অডিওও স্মৃতি হিসেবে ভিডিওতে সংযোজন করা হয়েছে।
গানটির সুরকার কিশোর দাস বলেন, “বাবাকে নিয়ে লেখা কথাগুলো ভীষণ হৃদয়স্পর্শী। দোলা তার সর্বোচ্চ দিয়ে গানটি গেয়েছে। কথার সঙ্গে মিল রেখে একটি আবেগঘন সুর ও সংগীতায়োজন করার চেষ্টা করেছি। আশা করি, যারা বাবা হারিয়েছেন, গানটি তাদের হৃদয় ছুঁয়ে যাবে।”
গীতিকার তারেক আনন্দ বলেন, “বাবা হারানো সন্তানের হৃদয়ের শূন্যতা, না বলা অনুভূতি এবং গভীর ভালোবাসার প্রকাশ ঘটানোর চেষ্টা থেকেই গানটি লেখা হয়েছে।”
ব্যক্তিগত স্মৃতি, আবেগ এবং বাবার প্রতি গভীর ভালোবাসার মিশেলে নির্মিত ‘বাবার ছায়া’ বিশ্ব বাবা দিবসে অনেকের হৃদয়ে নাড়া দেবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।





























