৫ বছরের ছেলেকে নিয়ে ট্রলের মুখে দিয়া মির্জা, পাশে দাঁড়িয়ে নেটিজেনদের ধুয়ে দিলেন রিচা চাড্ডা
বিনোদন ডেস্ক
২০০০ সালে ‘মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল’ খেতাব জয়। এর ঠিক পরের বছরই ‘রেহনা হ্যায় তেরে দিল মে’ সিনেমা দিয়ে বলিউডে রাজকীয় অভিষেক। এরপর ‘লাগে রাহো মুন্না ভাই’, ‘সঞ্জু’, ‘দশ’ কিংবা ‘থাপ্পড়’-এর মতো সিনেমায় অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন দিয়া মির্জা। তবে গত এক দশকেরও বেশি সময় ধরে অভিনয়ে অনিয়মিত দিয়া এখন বড় পর্দার চেয়ে পরিবেশকর্মী হিসেবেই বিশ্বজুড়ে বেশি পরিচিত।
ব্যক্তিগত জীবনে প্লাস্টিক পুরোপুরি বর্জন করা, জাতিসংঘের পরিবেশ কর্মসূচির শুভেচ্ছা দূত হওয়া কিংবা ২০২৩ সালে বিবিসির বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় স্থান পাওয়া পরিবেশ রক্ষায় দিয়ার অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তবে এই আন্তর্জাতিক স্বীকৃতি ও সচেতনতা এবার নেটিজেনদের একাংশের কাছে রূপ নিয়েছে ‘অহংকারে’। সম্প্রতি এক পডকাস্টে নিজের ৫ বছরের ছেলের প্লাস্টিক বিরোধী সচেতনতার গল্প শেয়ার করে তুমুল ট্রল ও সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি অভিনেত্রী সোহা আলী খানের একটি পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন দিয়া মির্জা। সেখানে তিনি তাঁর ৫ বছরের ছেলে অভ্যিয়ান রেখির পরিবেশ সচেতনতা বোঝাতে গিয়ে একটি ঘটনার উল্লেখ করেন। দিয়া জানান, একবার এক ডেলিভারি বয় প্লাস্টিকের ব্যাগে করে তাঁদের বাসায় ডাব নিয়ে এসেছিলেন। প্লাস্টিক দেখে দিয়া বিরক্ত হলেও তাঁর ৫ বছরের ছেলে অভ্যিয়ান দরজায় গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ায়। সে ডেলিভারি বয়কে বলে, ভাইয়া প্লাস্টিক ব্যাগে এনেছেন কেন? আমাদের বাসায় প্লাস্টিক নিষেধ। আপনি এটাকে প্লাস্টিক থেকে বের করুন, নিচে রাখুন এবং প্লাস্টিক ব্যাগ ও প্লাস্টিক স্ট্র নিয়ে যান।
পডকাস্টে দিয়া হাসতে হাসতে বলেন, বেচারা (ডেলিভারি বয়) জানত না সে কার বাসায় প্লাস্টিক নিয়ে এসেছে। অনুষ্ঠানের হোস্ট সোহা আলী খানও বাচ্চার এই সাহসের প্রশংসা করে বলেন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের সামনে দাঁড়িয়ে নিজের বিশ্বাসে অটল থাকাটা দারুণ বিষয়।
পডকাস্টের এই ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই সাধারণ নেটিজেনরা দিয়া মির্জা ও তাঁর ছেলের ওপর ক্ষোভে ফেটে পড়েন। সোহার কাছে যা ‘বিশ্বাসে অটল থাকা’, সাধারণ মানুষের চোখে তা অহংকার ও সুবিধাবাদী আচরণ হিসেবে ধরা দিয়েছে।
এক নেটিজেন মন্তব্য করেছেন, এদের অধিকারবোধের বাড়াবাড়ি সত্যিই অবিশ্বাস্য, এটা তাদের মৌলিক সম্মান এবং ভদ্রতাবোধকেও অন্ধ করে দেয়। আপনি যদি প্লাস্টিক না চান, তবে নিজেই ঠেলাগাড়িতে গিয়ে কিনে আনুন এবং কাগজের ব্যাগে করে বহন করুন।
দিয়াকে ‘ভণ্ড’ আখ্যা দিয়ে আরেকজন লিখেছেন, আপনি যদি পরিবেশ বাঁচানোর বিষয়ে সত্যিই এত গভীরভাবে চিন্তা করেন, তবে ডাবের পানির জন্য বিক্রেতার কাছে স্টিলের পাত্র নিয়ে যান। বিক্রেতাকে আপনার বাড়িতে এসে পৌঁছে দেওয়ার ঝামেলা থেকে রেহাই দিন।
সবচেয়ে আলোচিত মন্তব্যটিতে একজন লিখেছেন, এই ভিডিওটি দুটি ভিন্ন ভারতকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। একটা ছেলে যার বাস্তব পৃথিবী কীভাবে চলে সে সম্পর্কে কোনো জ্ঞান নেই, যে প্লাস্টিক নিয়ে চিন্তিত; এবং একজন ডেলিভারিম্যান যার মূল ফোকাস হলো কোনোমতে দিন গুজরান করা।
৫ বছরের শিশুকে ট্রল করা এবং দিয়া মির্জার মহৎ উদ্যোগকে এভাবে খাটো করার বিরুদ্ধে এবার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বলিউডের আরেক স্পষ্টভাষী অভিনেত্রী ও দিয়ার ঘনিষ্ঠ বন্ধু রিচা চাড্ডা। নেটিজেনদের আক্রমণ করে রিচা সোশ্যাল মিডিয়ায় লেখেন, আপনারা সবাই অবাক হন যে কেন অভিনেতারা মুখ খোলেন না? মুখ খুললে নিয়মিত কিছু মগজহীন সন্দেহভাজনের হেনস্তা সইতে হয়। অবশ্যই তারকাদের ওপর চড়াও হোন ভাই, অভিনেতাদের মানসিক স্বাস্থ্যের কী বা আর আসে যায়। মাঝেমধ্যেই তো আত্মহত্যা করে মুখরোচক খবরের জোগান দেওয়াও শিল্পীদের দায়িত্ব হওয়া উচিত। তাই না?
নারী তারকাদের ট্রল করার মানসিকতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে রিচা আরও লেখেন, সচেতন নারীরা যদি তাদের সিলেবাসের বাইরে কোনো কথা বলেন, তবে তাদের লজ্জিত করা হবে। যেন তারা শুধু লিপস্টিক, বিকিনি আর মেকআপ নিয়েই কথা বলবে।
দিয়া মির্জার বিলাসী জীবনের ট্রল উড়িয়ে দিয়ে রিচা মনে করিয়ে দেন, দিয়া তাঁর বিয়েতে আমন্ত্রিত অতিথিদের প্লাস্টিকের বদলে ১১০০টি গাছ উপহার দিয়েছিলেন। সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, এই বিষয়গুলো একটু গুগলে খুঁজে দেখুন। কারণ আপনারা যদি একটি ৫ বছরের বাচ্চাকে হেনস্তা করতে পারেন, তবে গুগলে একটা সাধারণ সার্চও করতে পারবেন, তাই না? দিয়া পরিবেশ রক্ষার জন্য একদিনে যা করেন, এসব ইউটিউবার আর ব্লগাররা সারা বছরেও তা করেন না।
প্লাস্টিক বর্জন বনাম ডেলিভারি বয়দের বাস্তব জীবনের লড়াইয়ের এই বিতর্ক এখন সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। একদিকে চলছে পরিবেশ সচেতনতার নামে তারকাদের ‘প্রিচিং’ বা নীতিবাক্য শোনানোর সমালোচনা, অন্যদিকে চলছে এক খুদে শিশু ও একজন সত্যিকারের পরিবেশকর্মীকে সাইবার বুলিং করার বিরুদ্ধে প্রতিবাদ।





























