যশোর সীমান্ত দিয়ে ঢুকছে বিকল্প মাদক, আড়ালে গডফাদাররা
১০ মাসে ৯৮৪ মামলায় গ্রেপ্তার ১১৮৪ জন
ভ্রাম্যমাণ আদালতে সাজা ১৩০৫ জনের
পাইকারি কারবারিরা ধরাছোঁয়ার বাইরে
নিজস্ব প্রতিবেদক
রাজনৈতিক ক্ষমতার পালাবদল হয়, বদলায় জনপ্রতিনিধি ও প্রশাসনের অনেক পরিচিত মুখ। কিন্তু যশোর সীমান্তে মাদকের কারবার নিয়ন্ত্রণকারী গডফাদারদের অবস্থানের পরিবর্তন হয় না এমন অভিযোগ দীর্ঘদিনের। ক্ষমতায় যে দলই থাকুক, প্রভাবশালী এসব কারবারি ধরাছোঁয়ার বাইরে থেকে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। তাঁদের নিয়ন্ত্রণে সীমান্তবর্তী গ্রাম থেকে শুরু করে শহরের অলিগলি পর্যন্ত বিস্তৃত মাদকের নেটওয়ার্ক। ফেনসিডিলের দাম বেড়ে যাওয়ায় এখন ভারত থেকে কম দামের বিকল্প হিসেবে উইনকোরেক্স ও এস্কুর্ফ সিরাপের চালান বেশি আসছে। এসব মাদক ছড়িয়ে পড়ছে পাইকারি ও খুচরা কারবারিদের হাত ধরে।
যশোরের শার্শা ও চৌগাছা উপজেলার সঙ্গে ভারতের প্রায় ১০১ কিলোমিটার সীমান্ত রয়েছে। এ সীমান্তের নিরাপত্তার দায়িত্বে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২১ ও ৪৯ ব্যাটালিয়ন। কিন্তু সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে চোরাই পথে প্রতিদিনই মাদক প্রবেশের অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রের দাবি, সীমান্তবর্তী গ্রামের কিছু বাসিন্দার সহযোগিতায় ভারত থেকে এসব মাদক দেশে আনা হচ্ছে। পরে তা পৌঁছে যাচ্ছে জেলার বিভিন্ন উপজেলা ও শহরের খুচরা বিক্রেতাদের হাতে।
সীমান্তের শার্শার সাদীপুর, রঘুনাথপুর, ঘিবা, শিকারপুর, শালকোনা ও কাশিপুর এবং চৌগাছার মাশিলা, হিজলী, আন্দুলিয়া, পাঁচপীরতলা ও বর্ণি এলাকায় মাদক প্রবেশের একাধিক পথ রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। এসব এলাকায় মাদক কারবারের সঙ্গে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক পরিচয়ধারী চক্র এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অসাধু সদস্যের যোগসাজশ থাকার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
একসময় যশোর সীমান্ত দিয়ে ফেনসিডিলের চালান আসত বেশি। ভারতে মাদকবিরোধী অভিযানে নতুন করে বাজারজাত করতে পারেনি ফেনসিডিল। উৎপাদিত ওই মাদকের বোতলজাত মেয়াদ শেষ হয়ে গেছে চলতি বছরেই। এছাড়া, দাম বেড়ে যাওয়ায় মাদকসেবীদের একটি অংশ এখন বিকল্প হিসেবে উইনকোরেক্স ও এস্কুর্ফ সিরাপের দিকে ঝুঁকছে। তুলনামূলক কম দামে পাওয়া যাওয়ায় এসব সিরাপের চাহিদা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
যশোর জেলা পুলিশের মাদক উদ্ধারসংক্রান্ত পরিসংখ্যানেও এসব বিকল্প সিরাপের উপস্থিতি দেখা যাচ্ছে। পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে জেলায় ৬৭৫ বোতল ফেনসিডিল, ১ হাজার ১২০ বোতল উইনকোরেক্স এবং ৯৩৫ বোতল এস্কুর্ফ সিরাপ জব্দ করা হয়েছে। এ ছাড়া ৯০ কেজি ২৭ গ্রাম গাঁজা, ৮৭ পুরিয়া এবং ৬৫টি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। একই সময়ে মাদকসংক্রান্ত ৯৮৪টি মামলা হয়েছে এবং ১ হাজার ১৮৪ জনকে আটক করা হয়েছে।
সীমান্তে মাদক প্রবেশ ঠেকাতে বিজিবির একাধিক অভিযান পরিচালনার কথা জানা গেলেও ৪৯ বিজিবির কাছে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসের মাদক উদ্ধারের পূর্ণাঙ্গ পরিসংখ্যান চেয়ে একাধিক দিন যোগাযোগ করা হয়েছে। তবে সংশ্লিষ্ট ব্যাটালিয়নের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। অবশ্য অক্টোবর মাসে ৪৯ বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে দেখা গেছে, ওই এক মাসে ২০৭ বোতল উইনকোরেক্স সিরাপ ও ৪৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
সীমান্তের নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর নিয়মিত অভিযানের পরও কীভাবে মাদকের চালান প্রবেশ করছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সীমান্তের কিছু চিহ্নিত পয়েন্ট ব্যবহার করে দীর্ঘদিন ধরে মাদক আনা-নেওয়া চলছে। কারবারিরা পথ ও সরবরাহব্যবস্থা পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, যশোর সীমান্তে মাদক ব্যবসার একটি সুসংগঠিত স্তরভিত্তিক নেটওয়ার্ক গড়ে উঠেছে। এ নেটওয়ার্কের শীর্ষে রয়েছেন প্রভাবশালী ও পুঁজিশালী পাইকারি কারবারিরা। তাঁদের অনেকে প্রকাশ্যে অন্য পেশায় যুক্ত থাকলেও গোপনে মাদক ব্যবসায় বিনিয়োগ করেন বলে অভিযোগ রয়েছে।
প্রতিদিন সকালে সীমান্তবর্তী এলাকার নির্দিষ্ট কিছু গোপন আস্তানা থেকে মাদকের চালান সরবরাহ করা হয়। পাইকারি কারবারিরা এসব মাদক ছোট ছোট ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। এরপর খুচরা বিক্রেতারা নিজেদের লোকবল দিয়ে তা বিভিন্ন এলাকায় পৌঁছে দেন।
এ ব্যবসায় দৈনিক মজুরিতে শ্রমিক নিয়োগের অভিযোগও রয়েছে। এসব শ্রমিকের কাজ মূলত মাদকসেবীদের কাছে খুচরা মাদক বিক্রি করা। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে অনেক সময় এসব শ্রমিক ও খুচরা বিক্রেতা আটক হলেও মূল সরবরাহকারী এবং বড় কারবারিরা আড়ালেই থেকে যান বলে স্থানীয়দের দাবি।
অভিযোগ রয়েছে, সীমান্তবর্তী এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত কিছু প্রভাবশালী ব্যক্তি নিজেদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে নিরাপদ অবস্থান তৈরি করেছেন। কেউ কেউ অন্য বৈধ ব্যবসার আড়ালে মাদক কারবারে অর্থ বিনিয়োগ করেন। আবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের সঙ্গে মাসিক চুক্তিতে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয়দের প্রশ্ন, অভিযান পরিচালনা করে শ্রমিক ও খুচরা বিক্রেতাদের আটক করা হলেও মাদকের বড় চালান নিয়ন্ত্রণকারী ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে কতটা? মাদকের অর্থের উৎস, পাইকারি সরবরাহকারী এবং তাঁদের পৃষ্ঠপোষকদের শনাক্ত করা না গেলে শুধু খুচরা বিক্রেতাদের আটকের মাধ্যমে এ ব্যবসা বন্ধ করা কঠিন বলে মনে করছেন তাঁরা।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত যশোর জেলায় ১ হাজার ৭০৯টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৭৭৭ জনকে আটক করা হয়। এ সময় ৪৪৭ বোতল উইনকোরেক্স ও এস্কুর্ফ সিরাপ এবং ৭৬ কেজি ১৮১ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, মাদকসেবীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে ১ হাজার ৩০৫ জনকে। মাদকসংক্রান্ত অপরাধে দ্রুত বিচার নিশ্চিত করতে পুলিশ সংক্ষিপ্ত বিচারিক আদালত বা সামারি ট্রায়ালের আশ্রয় নিচ্ছে। দুই বছরের কম মেয়াদের সাজা হতে পারে—এমন অপরাধে জড়িতদের গ্রেপ্তারের পর সামারি আদালতে সোপর্দ করা হচ্ছে। সেখানে বিচারিক প্রক্রিয়া শেষে সাজা দেওয়া হচ্ছে।
যশোর জেলা বিএনপির সভাপতি ও সরকারি প্রসিকিউটর (পিপি) সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, মাদকের বিস্তার রোধে সরকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর অবস্থানে আছে। সে বিবেচনায় বিজিবিকে আরও সতর্ক হওয়া জরুরি। তিনি আরও বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ ক্ষেত্রে পরিবার, প্রতিবেশী ও সমাজের প্রত্যেককে সচেতন হতে হবে। সুস্থ সমাজ গঠনে সচেতনতার কোনো বিকল্প নেই।
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, মাদকের ডিলারদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে। মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও সামারি ট্রায়ালের মাধ্যমে তাৎক্ষণিক সাজা নিশ্চিত করা হচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়। এ জন্য প্রশাসন দুটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে। প্রথমত, আইন প্রয়োগ; দ্বিতীয়ত, সামাজিক সচেতনতা বৃদ্ধি। তিনি বলেন, ইমাম ও মুয়াজ্জিনদের কাছে মাদকবিরোধী লিফলেট দেওয়া হয়েছে এবং তাঁদের খুতবায় মাদকবিরোধী বক্তব্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতামূলক সেশন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
যশোর সীমান্তে মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং শত শত মানুষের বিরুদ্ধে মামলা হলেও মাদকের সরবরাহ পুরোপুরি বন্ধ হচ্ছে না। বরং ফেনসিডিলের পাশাপাশি নতুন নতুন বিকল্প মাদকের উপস্থিতি বাড়ছে। এতে স্পষ্ট হচ্ছে, মাদক কারবারিরা চাহিদা ও পরিস্থিতি অনুযায়ী পণ্যের ধরন বদলে ব্যবসা চালিয়ে যাচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, মাদক নিয়ন্ত্রণে শুধু চালান আটক, খুচরা বিক্রেতা গ্রেপ্তার কিংবা মাদকসেবীদের সাজা দেওয়াই যথেষ্ট নয়। সীমান্ত দিয়ে মাদক প্রবেশের উৎস, অর্থের জোগানদাতা, পাইকারি সরবরাহকারী, স্থানীয় পৃষ্ঠপোষক এবং সম্ভাব্য যোগসাজশকারীদের শনাক্ত করা জরুরি। একই সঙ্গে সীমান্তে নজরদারি জোরদার, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং অভিযানের জবাবদিহি নিশ্চিত করতে হবে। অন্যথায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছোট ছোট বিক্রেতারা আটক হলেও আড়ালে থাকা মূল কারবারিরা নতুন লোক নিয়োগ করে আবারও ব্যবসা চালিয়ে যাওয়ার সুযোগ পাবে।























