গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। গত মঙ্গলবার (১০ নভেম্বর) থেকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর তত্ত্বাবধানে গোপালগঞ্জ জেলায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়। বুধবার রাতে ৪৯ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন, জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে দিন-রাত টহল, যৌথ টহল ও মোবাইল পেট্রোল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি জেলার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে বিশেষ নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো দুষ্কৃতকারী যাতে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে লক্ষ্যে বিজিবি আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আরও জানান, যেকোনো প্রয়োজনে তাৎক্ষণিক সহযোগিতা দেওয়ার জন্য যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সদর দপ্তরে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।























