কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:- পরকীয়ায় বাধা ও যৌতুকের দাবিতে আশুলিয়ায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।শনিবার দুপুর দেড়টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকার তাজউদ্দিন সরকারের মালিকানাধীন বাড়ির একটি কক্ষ থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বৃষ্টি আক্তার (২৫) কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার তালজাঙ্গা গ্রামের আবুল কাশেমের মেয়ে। নিহতের মরদেহ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
এদিকে, ঘটনার পর থেকে স্বামী আশরাদুল ইসলাম (২৮) পলাতক রয়েছে। আশরাদুল ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার ফেরী নারায়ণপুর গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে। স্বামী-স্ত্রী দুইজনই আশুলিয়ায় পোশাক কারখানায় কাজ করতেন।
পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়। দরজা বাইরে থেকে বন্ধ করা ছিল। নিহতের শরীরের ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্চে, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড। পলাতক স্বামীকে গ্রেপ্তারের পর মূল ঘটনা নিশ্চিত হওয়া যাবে।







