কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:- ফোন চুরির অভিযোগে থানায় ডেকে বেধড়ক মারধর করে পুলিশ। এরপর বাসায় ফিরে এসে অসুস্থ হয়ে পড়ে ওই কিশোর। পরে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হলে সেখানেই মৃত্যু হয় তার।
এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে।নিহতের বোনের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায়, নিহত ওই কিশোরের বিরুদ্ধে ফোন চুরির অভিযোগ আনে তাদেরই এক চাচা। অভিযোগ পেয়ে পুলিশ ওই কিশোরকে থানায় ডেকে পাঠায়। কিশোরকে সঙ্গে নিয়ে তার মা থানায় গিয়েছিলেন।
এরপর ছেলেটির মাকে থানা থেকে চলেও যেতে বলা হয় পুলিশের পক্ষ থেকে। কিছুক্ষণ পরই ছেলেটি বাড়িতে ফিরে আসে। পরিবারের সদস্যদের কাছে জানায় যে, পুলিশ তাকে বেধড়ক মারধর করেছে। হাত-পায়ে ধরা সত্ত্বেও রেহাই দেয়া হয়নি তাকে।ওই কিশোরের বোন আরও জানিয়েছেন, বাড়িতে ফেরার কিছুক্ষণ পরই তার ভাই অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।
কিন্তু পরিস্থিতির অবনতি হওয়ায় হাসপাতালে নিয়ে যেতে হয়। সেখানেই মৃত্যু হয় তার ভাইয়ের।এই ঘটনার পরই এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। দোষী পুলিশকর্মীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসী।







