মাদককাণ্ডে চিত্রনায়িকা একার বিরুদ্ধে চার্জশিট

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি:- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা একার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ।বৃহস্পতিবার হাতিরঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মনির মন্ডল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

গত ১১ই জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. ফয়সাল আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। এর আগে ২৬শে জানুয়ারি ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে এ অভিযোগপত্র গৃহীত হয়। বর্তমানে মামলাটি বদলির অপেক্ষায়।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ৩১শে জুলাই একাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাতিরঝিল থানা পুলিশ। এসময় তার বাসা থেকে মাদক জব্দ করা হয়। এ ঘটনায় হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। ১লা আগস্ট শুনানি শেষে আদালত একাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, গৃহকর্মী নির্যাতনের অভিযোগে একার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এ ছাড়া তার বাসায় মাদকদ্রব্য পাওয়ায় পুলিশ বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করে।

পরবর্তীতে গত বছরের ১০ই আগস্ট ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে একার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে এক হাজার টাকা মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।