সৌদির সঙ্গে ১৮ চুক্তি করলেন বাইডেন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আনসার আলী সৌদি আরব প্রতিনিধি// চারদিনের রাষ্ট্রীয় সফরে মধ্যেপ্রাচ্যে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিজের মেয়াদে এই প্রথম মধ্যপ্রাচ্য সফরে গেলেন তিনি।

বুধবার রাজধানী ওয়াশিংটন থেকে প্রথমে ইসরায়েলে যান তিনি, সেখান থেকে ফিলিস্তিন হয়ে শুক্রবার সৌদি আরবে পৌঁছান। সৌদিতে পৌঁছানোর পর ওই দিনই দেশটির উপপ্রধানমন্ত্রী ও ডি ফ্যাক্টো নেতা মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন তিনি।

এই সফরে সৌদি আরবের সঙ্গে ১৮টি চুক্তি ও স্মারক সই করেছে যুক্তরাষ্ট্র। জ্বালানি, যোগাযোগ, মহাকাশ ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে চুক্তিগুলো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চলমান সৌদি সফরে এগুলো সম্পন্ন হয়। দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল-আখবারিয়ার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

আল-আখবারিয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইউএস মহাকাশ ও প্রতিরক্ষা সংস্থা বোয়িং-রেথিয়নের সঙ্গে চুক্তি করেছে সৌদি। মার্কিন স্বাস্থ্যসেবা কোম্পানি মেডট্রোনিক, ডিজিটাল ডায়াগনোস্টিক, আইকিউভিআইএর সঙ্গে স্মারক সই করেছে তারা।

সৌদি বার্তা সংস্থার কর্মকর্তারা জানান, দুই দেশের মধ্যে ৫জি ও ৬জি প্রযুক্তি, ক্লিন এনার্জি প্রকল্প, বেসামরিক পারমাণবিক শক্তি ও ইউরেনিয়াম চুক্তি হয়েছে।বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এ প্রথম কোনো রাষ্ট্রীয় সফরে রয়েছেন বাইডেন।

এতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার গুরুত্ব এবং সৌদির প্রতিরক্ষার প্রয়োজনীয়তা নিয়ে দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি।